ইমনের ঝড়ো ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। ২৮ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ইনিংসের শুরু থেকেই খেলেছেন আগ্রাসী মেজাজে।
তামিমের আউটের পর, লিটন দাসের সাথে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসে ভরপুর ইমন ইনিংসের তৃতীয় ওভারে শর্ট ফাইন লেগে একটি চার ও লং অনে একটি দারুণ ছক্কা হাঁকান। ওই ওভার থেকে আসে ১২ রান। চতুর্থ ওভারে লিটনের একটি ছক্কার সাহায্যে বাংলাদেশ তোলে আরও ৮ রান।
পঞ্চম ওভারে মতিউল্লাহকে এক্সট্রা কভারে চার ও লং অনে ছক্কায় ইমন একাই নিয়ে নেন ১৪ রান।
ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাংলাদেশ হারায় অধিনায়ক লিটন দাসকে।
মোহাম্মদ জাওয়াদউল্লাহর দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন, করেন মাত্র ৮ বলে ১১ রান। পাওয়ার প্লে’র শেষ ওভারে কোনো বাউন্ডারি না এলেও আসে ৬ রান। প্রথম ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ৫৫ রান।
লিটনের বিদায়ের পর কিছুটা ধীর গতি দেখা গেলেও অষ্টম ওভারে আবার ছন্দে ফেরে বাংলাদেশ।
ওই ওভারে ইমন হাঁকান তিনটি বিশাল ছক্কা—দুটি লং অনে এবং একটি সাইট স্ক্রিন বরাবর। ২২ রানের এই ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
নবম ওভারে হায়দার আলীর বলে লং অফে একটি চার মেরে ২৮ বলে পূর্ণ করেন নিজের প্রথম হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮০।
তাঁর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ মাত্র ৯.৪ ওভারে তুলে ফেলে ১০০ রান।যা বড় টার্গেট পেতে সাহায্য করেছে টাইগারদের।




