লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে সবার সেরা আর্জেন্টিনা। এমনকি ফিফা র্যাংকিংয়েও সবার শীর্ষে আর্জেন্টিনা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টানা দুইবার জিতেছে মহাদেশীয় শিরোপাও। ব্রাজিল, কলম্বিয়া, ইতালি—সবাই যেন এই দলের সামনে অসহায়। এই মুহূর্তে তাই মনে হতে পারে, কে থামাবে আর্জেন্টিনাকে?
সেই প্রশ্নের উত্তর এক দলের কাছ থেকে পাওয়া যেতে পারে। আর্জেন্টিনাকে থামাতে পারবে কিনা সেটা নিশ্চিত নয় মোটেও, তবে আর্জেন্টিনাকে কঠিন সময় দিতে পারে স্পেন দল।
আর সেখানে স্পেনের বিপক্ষে ৩টি বড় পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনা দলকে।
প্রথম পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার ফুলব্যাকে—বিশেষ করে লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে।
কারণ বিপক্ষ দলের রাইট উইঙ্গার হিসেবে আছেন লামিন ইয়ামাল। গতি, ড্রিবলিং, ফিনিশিং দিয়ে বিশ্বের বড় বড় ডিফেন্ডারদের দুর্ভোগে ফেলেন ইয়ামাল।
যদিও ক্লাবে দারুণ না হলেও জাতীয় দলে ধারাবাহিক তাগলিয়াফিকো। কিন্তু লামিন ইয়ামালের মতো তারকার চ্যালেঞ্জ নিতে হবে তাকেই। অপরদিকে রাইট ব্যাককে নিতে হবে নিকো উইলিয়ামসের মতো তারকার চ্যালেঞ্জ। এই দুই জায়গায় আটকাতে না পারলে ভালোই ভুগতে হতে পারে আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনা দলের মাঝমাঠ সমৃদ্ধ বটে। কিন্তু স্পেন দলের মাঝমাঠ তাদেরকে টক্কর দিতে পারে ভালোভাবেই।
গাভি, পেদ্রি, মেরিনো, কাসানভা, অলমো, রুইজ—আছেন স্পেনের মাঝমাঠে। এদের সাথে ইনজুরি কাটিয়ে ফিরেছেন রদ্রি।
এরা সবাই বল পায়ে দারুণ, ফলে টিকি-টাকা বা পজিশন-ভিত্তিক ফুটবল খেলতে চাইবে তারা। বিপরীতে লাতিন অঞ্চলে আর্জেন্টিনা মাঝমাঠ দারুণ খেললেও, স্পেনের মতো ঐতিহ্যবাহী পজিশনাল ফুটবলের বিপক্ষে কেমন করে তা দেখা হবে গুরুত্বপূর্ণ।
চ্যালেঞ্জ নিতে হবে লিওনেল স্কালোনিকে। ফিজিক্যালি আর্জেন্টিনা দল এগিয়ে থাকবে স্পেনের চেয়ে, কিন্তু ট্যাকটিক্যালি নানা দিক থেকে এগিয়ে স্পেন।
তাদের বিপক্ষে কি আর্জেন্টিনা পজিশনাল ফুটবল খেলবে, নাকি হাই প্রেস কিংবা কাউন্টার-অ্যাটাকের কৌশল বেছে নেবে, তা নিয়ে আলাদা করে ভাবতে হবে। কারণ বর্তমান স্পেনের বিপক্ষে যেকোনো ধরনের ফুটবলেই ঝুঁকি থেকেই যায়। সে ক্ষেত্রে পরিকল্পনা মাফিক নিজের অন্যতম কঠিন ম্যাচটি খেলতে হতে পারে স্কালোনিকে।
আরও একটি ম্যাচ, আরও একটি শিরোপা জয়ের হাতছানি আর্জেন্টিনা দলের সামনে।
কিন্তু শিরোপার লড়াইটা যে মোটেও সহজ নয়, তা বলাই বাহুল্য। তাই জিততে হলে ভালো হোমওয়ার্ক করে নামতে হবে আর্জেন্টিনাকে—তাতে কোনো সন্দেহ নেই।




