ছরখানেক আগেও যদি কেউ বলতো, স্পন্সরের অভাবে ভুগছে ক্রিকেট, আর ফুটবল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ—আপনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭ নম্বরে থাকা একটি দেশের ফুটবলে আগ্রহ থাকলেও, তা মূলত ইউরোপীয় ও লাতিন আমেরিকান ফুটবলের প্রতি।
ইউরোপের ক্লাব ফুটবল নিয়ে খুঁটিনাটি জানা অনেক সমর্থকই নিজেদের দেশের লিগ চ্যাম্পিয়নের নাম জানতেন না।
তাদের দোষ দেওয়া কঠিন, কারণ দেশীয় ফুটবলে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা তাদের আগ্রহ থেকে দূরে সরিয়ে দিয়েছিল।
এক যুগেরও বেশি সময় সালাউদ্দিনের নেতৃত্বে এমন চিত্রই দেখেছে সবাই। কিন্তু মাত্র ৯ মাসেই তাবিথ আউয়াল দেখিয়ে দিয়েছেন, সদিচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব। দৃশ্যমান উন্নয়ন এখন ফুটবলে সবার চোখে পড়ছে।
সালাউদ্দিনের সময় ছিল একটি প্রচলিত ট্রেন্ড—দেশীয় লিগে না খেললে প্রবাসী খেলোয়াড়েরা জাতীয় দলে সুযোগ পেতেন না।
ফলে অনেক প্রবাসী খেলোয়াড়ের ইচ্ছা থাকলেও দেশের জার্সি গায়ে জড়ানো সম্ভব হয়নি।
সেই ধারাটি বদলেছেন তাবিথ আউয়াল। তার সময়ে দলে এসেছে হামজা, সামিত, কিউবা, ফাহমিদুল।
বয়সভিত্তিক দলে সুযোগ পাচ্ছে তানিল শালিক, নিলয় ভ্যান ডার, সুলিভান ব্রাদার্সের মতো প্রবাসী তরুণরা।
শুধু সুযোগের দরজা খুলেই থেমে থাকেননি, বরং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ ও তাদের নিয়ে আসার কাজেও সক্রিয় থেকেছে বাফুফের মিডিয়া কমিটি।
ফিফার তহবিলে বাংলাদেশের ওপর ছিল নিষেধাজ্ঞা। একাধিক মিটিংয়ের মাধ্যমে তাবিথ আউয়াল সে নিষেধাজ্ঞা তুলে এনেছেন।
এমনকি নিজের রাজনৈতিক সফরের মধ্যেও ভুলে যাননি ফুটবলকে—ফলাফল, সামিতের পাসপোর্ট দ্রুত প্রস্তুত করে ফিফার অনুমতিও পাওয়া গেছে।
বাংলাদেশ ফুটবলে ছিল স্পন্সরের অভাব। সেই জায়গা থেকেও অগ্রগতি চোখে পড়ছে—এখন কিট স্পন্সর পাচ্ছে দল, আর সেই স্পন্সরের জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা।
এক হাজার টাকার বেশি মূল্যেও জার্সি বিক্রি হচ্ছে। প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছাড়া হচ্ছে, যেখানে দেশীয় দর্শকদের আগ্রহও উল্লেখযোগ্য। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
এক সময় দেশের ফুটবল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টই দেখা যেত না, এখন বাফুফের ফেসবুক পেজ অনেক বেশি প্রফেশনাল।
ক্যামেরা কোয়ালিটি, ভিডিওর মান, খুঁটিনাটি বিশ্লেষণ—সব মিলিয়ে বাফুফের অনলাইন উপস্থিতি এখন অনেক বেশি আকর্ষণীয়।
সালাউদ্দিনের আমলে কর্মকর্তারা অনেকটাই আড়ালে থাকতেন। কিন্তু তাবিথ, ফাহাদরা এখন সামনে আসেন, স্বীকার করেন ভুলত্রুটি।
নিজেদের কাজ নিয়ে অহংকার করেন না, বরং বারবার দর্শকদের কৃতিত্ব দেন। ফুটবল বোর্ড ও দর্শকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার দিকেও ইতিবাচক কাজ করেছে বর্তমান বোর্ড।
এত কিছুর পর মাঠের পারফরম্যান্সও আশাব্যঞ্জক—ভারতের বিপক্ষে সাহসী ফুটবল খেলে ড্র।
সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের স্বপ্নে চোখ বাংলাদেশ দলের। লক্ষ্য, আবারও এশিয়া কাপে খেলা। আগামী মৌসুম থেকে মাঠ সংস্কারের ঘোষণাও এসেছে।
এই প্রেক্ষাপটে, তাবিথ আউয়ালকে বড় করে ধন্যবাদ না জানালে সেটা অনুচিতই হবে।




