শুরুতে দেখে মনে হবে বোলিং করছেন সাকিব আল হাসান।
বল ধরার ধরন, রানআপ, জাম্প থেকে শুরু করে ডেলিভারি মুহূর্ত পর্যন্ত—সব কিছুতেই যেন সাকিবের ছায়া! পুরোপুরি নয়, তবে অন্তত ৮০ শতাংশ মিল খুঁজে পাওয়া যায় সাকিবের সঙ্গে। বল হচ্ছে হাসান মুরাদের কথা।
প্র্যাকটিস ম্যাচে আজ সেই হাসান মুরাদই নিয়ে নিলেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার—লিটন দাস ও শান্তর উইকেট।
বাঁহাতি স্পিনে নিখুঁত নিয়ন্ত্রণ, ধার, আর বৈচিত্র্যে বারবার বিভ্রান্ত করেছেন ব্যাটারদের।
তার এমন পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে, জাতীয় দলে ডাক পাওয়ার কারণ অমূলক নয়।
প্রশ্ন জাগতেই পারে, কে এই হাসান মুরাদ?
২৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার উঠে এসেছেন কক্সবাজার থেকে। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশের দলের সদস্য ছিলেন তিনি।
তখন থেকেই নজর কাড়েন ক্রিকেটবোদ্ধাদের। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন।
এখন পর্যন্ত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫০ ইনিংসে শিকার করেছেন ১৩৬ উইকেট। এর মধ্যে ১২ বারই পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ইনিংসে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, তিনি কতটা ধারাবাহিক।
জাতীয় দলে তার জায়গা পাওয়া তাই কাকতালীয় নয়, বরং সময়ের ব্যাপার ছিল মাত্র।
বিশেষ করে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একজন বাঁহাতি স্পিনারের চাহিদা প্রবলভাবে ছিল।
সেখানে হাসান মুরাদ হতে পারেন বড় ভরসার জায়গা।
জাতীয় দলের টিম ম্যানেজমেন্টও মুরাদকে নিয়ে বেশ আশাবাদী। একজন সিনিয়র কোচ বলেন, “মুরাদের স্কিল সেট দারুণ।
ওর মধ্যে আগ্রাসন আছে, নিয়ন্ত্রণ আছে। সবচেয়ে বড় বিষয়—ওর মধ্যে শেখার মানসিকতা আছে। এটা ওকে অনেক দূর নিয়ে যাবে।”
সব মিলিয়ে, ভবিষ্যতের একজন সম্ভাবনাময় স্পিনার হিসেবে হাসান মুরাদ ইতিমধ্যেই নজর কেড়েছেন।




