বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
নতুন চুক্তি অনুযায়ী,কোচ সালাউদ্দিন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত থাকছেন জাতীয় দলের সঙ্গে।
স্বল্পমেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার কাজের প্রতি সন্তুষ্ট হয়েই বোর্ড তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্ত করেছে।
এই নতুন চুক্তিতে সালাউদ্দিনের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
তিনি এখন থেকে প্রতি মাসে বেতন পাবেন ৯ লাখ ৬১ হাজার টাকা। অর্থাৎ, বছরে তার বেতন দাঁড়াচ্ছে প্রায় ১ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা।
পাশাপাশি দলের সিরিজ ও সফরের সময় আরও কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধাও থাকছে তার জন্য। চুক্তিতে রয়েছে বছরে ৪০ দিনের ছুটি।
এর আগে সালাউদ্দিন ৭ থেকে ৮ লাখ টাকার মধ্যে বেতন পেতেন।
এই বেতন কাঠামো নির্ধারণ করেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এবার সেই কাঠামো ভেঙে তাকে আরও সম্মানজনক ও আর্থিকভাবে লাভজনক প্যাকেজ দেওয়া হলো।
বোর্ডের ৩০ জুনের সভায় তার নতুন চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
২০২৪ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরেন সালাউদ্দিন।
তার ফেরার পর থেকেই বোর্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আসছিলেন।
খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, কৌশলগত দিক ও মাঠের পারফরম্যান্সে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
বিশেষ করে সিনিয়রদের সঙ্গে তার বোঝাপড়া এবং তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস তৈরি করতে পারদর্শিতা রয়েছে তার।
সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এক কোচিং চরিত্র।
ঘরোয়া লিগ থেকে শুরু করে বিপিএল, এমনকি জাতীয় দলেও তার অভিজ্ঞতা ও সাফল্য সমৃদ্ধ।
অনেকেই মনে করেন, সালাউদ্দিনের মতো স্থানীয় কোচদের বেশি করে সুযোগ দেওয়া উচিত, যারা খেলোয়াড়দের মানসিকতা ও দেশের ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানেন।
এবার দেখা যাক বিসিবির আস্থা কতটা রাখতে পারেন এই দেশের সফলতম কোচ।




