আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম লিওনেল মেসি।
অভিজ্ঞ এই ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হওয়ায় তার মাঠে নামা এখন প্রশ্নের মুখে।
চোটের সঠিক অবস্থা বা ফেরার সময়সীমা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মেসির অনুপস্থিতি সম্ভাব্য হওয়ায় কোচ লিওনেল স্কালোনি দল সাজানোর পরিকল্পনায় পরিবর্তন আনছেন।
বেইন স্পোর্টসের মতে,তার মূল ভরসা হয়ে উঠেছেন তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা। সাম্প্রতিক সময়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন,উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে জয়সূচক গোল, ব্রাজিলের বিপক্ষে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান এবং চিলির বিপক্ষে একমাত্র গোলের এসিস্ট করেছেন।
তবে আলমাদার পাশাপাশি স্কালোনি অন্য বিকল্পও খুঁজছেন।
পাওলো দিবালা একসময় মেসির উত্তরসূরি হিসেবে বিবেচিত হলেও নিয়মিত চোটের কারণে তিনি দীর্ঘদিন দলে নেই।
এছাড়াও
জুলিয়ানো সিমিওনে উইঙ্গার হিসেবে নতুন গতি এনেছেন দলে।
আর মিডফিল্ডে রদ্রিগো দে পল আগ্রাসী ভূমিকা নিচ্ছেন, যেখানে এনজো ফের্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আলমাদাকে মিশিয়ে আক্রমণ সাজানো হচ্ছে।
সব মিলে স্কালোনির ভাবনায় রয়েছে আলমাদাকে মেসির জায়গায় খেলানো,আর বিকল্প হিসেবে পাওলো দিবালাকেও দলে রাখা।
তাছাড়া লেফট উইঙে সিমিওনেকেও দায়িত্ব দিতে পারেন স্কালোনি।
অন্যদিকে স্কালোনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা এখন এমন একটি কাঠামো গড়ে তুলেছে যেখানে মেসি থাকুক বা না থাকুক, দল নিজেদের ছন্দে খেলতে পারে।
অতীতে যেমন মেসির অনুপস্থিতিতে পুরো খেলার ধরন বদলাতে হতো, এখন আর তেমন প্রয়োজন হয় না।
তবুও মেসির নেতৃত্ব, অভিজ্ঞতা ও মানসিক প্রভাবকে প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব।
এজন্য স্কালোনি তরুণদের ওপর আস্থা রাখলেও, চূড়ান্ত মুহূর্তে তিনি মেসিকে পাওয়ার আশাই করছেন।




