ব্রাজিলিয়ান তারকা নেইমারের জীবনে যেনো ইনজুরির সঙ্গে বসবাস নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ খবর, সান্তোস ক্লাব ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়েছে নেইমার এক থাই ওডেমাতে ভুগছেন।
বৃহস্পতিবার এক ট্রেনিং সেশনে ব্যথা অনুভব করার পর মেডিকেল টেস্টে এই চোট ধরা পড়ে।
ফলে আগামী সোমবার কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিকের ম্যাচগুলোর জন্য ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি এখন বড় প্রশ্নচিহ্নের সামনে।
এমন খবর ব্রাজিল ভক্তদের জন্য বড় ধাক্কা। কারণ দীর্ঘ সময় পর নেইমার নিয়মিত খেলায় ফিরেছিলেন এবং দুর্দান্ত ফর্মও দেখাচ্ছিলেন।
এ বছর এখন পর্যন্ত সান্তোসের হয়ে ১৯ ম্যাচ খেলে ছয় গোল করেছেন তিনি। আরো বড় দিক হলো, টানা সাত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার।
বিশেষ করে ক্রুজেইরোর বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে তিনি দারুণ পারফর্ম করেন এবং শেষ মুহূর্তে পরিবর্তিত হয়ে মাঠ ছাড়লেও প্রায় পুরো ম্যাচ খেলেছিলেন। এমন ধারাবাহিকতার মাঝেই হঠাৎ ইনজুরি ফের তার গতি থামিয়ে দিলো।
সান্তোস জানিয়েছে, নেইমার ইতোমধ্যেই চিকিৎসা শুরু করেছেন।
৩১ আগস্ট ভিলা বেলমিরোতে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে তিনি দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে প্রথমদিকে অনুশীলনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। আগামী সপ্তাহের শুরুর দিকেই মেডিকেল টিম নতুনভাবে মূল্যায়ন করবে তার অবস্থা।
ব্রাজিলের জন্য বিষয়টি বড় ধাক্কা। কারণ বাছাইপর্বের শেষ রাউন্ডে আনচেলত্তির সামনে সবচেয়ে বড় ভরসা ছিলেন নেইমার।
অথচ স্কোয়াড ঘোষণার ঠিক একদিন আগে এ খবর ভক্তদের হতাশ করেছে। ব্রাজিল দলকে তাই নেইমার ছাড়া নামার জন্য প্রস্তুত হতে হচ্ছে।




