অবশেষে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা চূড়ান্ত করেছে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিসিমার সময় ও ভেন্যু।
আগামী ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ।
ম্যাচটি প্রথমে ২৮ মার্চ নির্ধারিত থাকলেও আয়োজক কমিটির সিদ্ধান্তে একদিন এগিয়ে আনা হয়েছে।
এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের রাজা স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের এই লড়াই ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে তরুণ স্প্যানিশ প্রতিভা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি,এই দুই প্রজন্মের তারকার প্রথমবারের মতো একই মাঠে মুখোমুখি হওয়ার সম্ভাবনায় তোলপাড় ফুটবল বিশ্ব।
লুসাইল স্টেডিয়াম, যেখানে ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি, সেখানেই আবারও মাঠে নামতে যাচ্ছেন তিনি।
সেই স্মৃতিবিজড়িত মাঠেই এবার গড়া হবে নতুন ইতিহাস। একদিকে অভিজ্ঞতা ও গৌরবের প্রতীক মেসি, অন্যদিকে প্রতিভা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি ইয়ামাল,দুই মেরুর এই দ্বৈরথে বিশ্ব ফুটবল দেখবে রোমাঞ্চকর এক অধ্যায়।
আয়োজকরা জানিয়েছেন, ফিনালিসিমাকে ঘিরে থাকছে জাঁকজমকপূর্ণ আয়োজন। দোহায় ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
দলগুলোর অনুশীলন, সংবাদ সম্মেলন ও ভক্তদের জন্য নানা ইভেন্টের পরিকল্পনা করেছে আয়োজক কমিটি।
লুসাইল স্টেডিয়ামের আশপাশও সাজানো হবে উৎসবমুখর আবহে।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিও নেবে।
ফিনালিসিমায় স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো অ্যাওয়ে কিটে।
এ ম্যাচ শুধু দুই চ্যাম্পিয়নের লড়াই নয়, বরং প্রজন্মান্তরের প্রতীকী সংঘর্ষ। যেখানে মেসির অভিজ্ঞতা ও নেতৃত্বের সামনে দাঁড়াবে তরুণ প্রতিভা ইয়ামালের উদ্যম ও সাহস।
ফুটবল বিশ্ব তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে,লুসাইলের আলোয় নতুন ইতিহাস রচনার সাক্ষী হতে।




