লিসান্দ্রো মার্টিনেজ আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন।
যদিও এখনো মাঠে ফেরেননি তিনি, তবুও দলীয় অনুশীলনে অংশ নিতে অনুমতি পেয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক গাস্তন এদুল।
দীর্ঘ সময় ধরে মার্টিনেজ মাঠের বাইরে ছিলেন গুরুতর হাঁটুর ইনজুরির কারণে।
চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এক ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
তবে সুখবর হলো, তিনি এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন ম্যানেজার রুবেন আমারিম তার ফিটনেস নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন।
দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে দ্রুত ফিরিয়ে আনতে চান তিনি। তাই মার্টিনেজকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরিয়ে আনার পরিকল্পনা নিচ্ছেন ইউনাইটেড কোচ।
অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দলও চায় না তাড়াহুড়ো করে তাকে মাঠে নামাতে।
তাই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিলেও ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
মূলত কোচ লিওনেল স্কালোনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান এবং তাকে ধীরে ধীরে দলে ফিরিয়ে আনতে চান।
আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
এই ম্যাচে লিওনেল মেসিদের সঙ্গে অনুশীলন করলেও খেলার তালিকায় সম্ভবত থাকবেন না মার্টিনেজ।
তবুও বিশ্বচ্যাম্পিয়নদের ডিফেন্স ইউনিটে তার উপস্থিতি দলীয় মনোবল বাড়াবে বলেই মনে করছে আর্জেন্টাইন গণমাধ্যম।
ইনজুরি থেকে ফেরা এই সেন্টার-ব্যাক ইতোমধ্যে প্রমাণ করেছেন, ফিট অবস্থায় তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা,দুই দলেরই রক্ষণভাগের অপরিহার্য অংশ। এখন তার সামনে সবচেয়ে বড় লক্ষ্য,পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া।




