২০১৮/১৯ মৌসুমে আসেন ইউরোপে। ইতালির সিরিআ দিয়ে শুরু হয় পাকুয়েতার যাত্রা। ৮ বছর ইউরোপে ছিলেন, খেলেছেন ইউরোপের শীর্ষ তিন লীগের শীর্ষ তিন ক্লাবে। সেখান থেকে আবার ঘরের ঠিকানায় ফিরছেন ব্রাজিলিয়ান পাকুয়েতা। ওয়েস্ট হ্যাম থেকে এবার ফিরছেন সাবেক ক্লাব ফ্ল্যামেঙ্গোতেই।
একটা সময় ইপিএলের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। এমনকি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তাকে নিতে ১০০ মিলিয়ন পর্যন্ত প্রস্তাব দিতে চেয়েছিল। তবে ওয়েস্ট হ্যামেই কাটান পাকুয়েতা। মাঝে তার নামে আসা ফিক্সিং অভিযোগেও হয়েছিলেন টালমাটাল। সেখান থেকে আবারো ফিরে এসে ওয়েস্ট হ্যামে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত।
যদিও পাকুয়েতা পারফর্ম করলেও ভালো করতে পারছেনা তার দল ওয়েস্ট হ্যাম। নতুন মৌসুমে দলটির আছে রেলিগেশন শঙ্কা। আর সেখানেই ক্লাব ছাড়ার সম্ভাবনা দলের অন্যতম সেরা তারকা পাকুয়েতা।
প্রিমিয়ার লীগে পরীক্ষিত মুখ এই ব্রাজিলিয়ান। ক্লাবের হয়ে পারফর্মেঞ্চ দারুণ, ব্রাজিল জাতীয় দলেও খেলেন নিয়মিত। তাই তাকে নিয়ে আগ্রহী ছিল প্রিমিয়ার লীগেরই অনেক ক্লাব। চেলসি, টটেনহ্যাম বা এস্টন ভিলার মত শীর্ষ ক্লাবের আগ্রহ ছিল পাকুয়েতাকে নিয়ে। তবে সব প্রস্তাব ফিরিয়ে দেন পাকুয়েতা।
সেখানে এই মৌসুমে পাকুয়েতা ফিরতে চান তার পুরোনো ক্লাবেই। ব্রাজিলের সাবেক ক্লাব ফ্ল্যামেঙ্গোতে আবারো ফিরবেন পাকুয়েতা। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ফ্যাব্রিজিও রোমানো, স্কাই স্পোর্টসরা। এর মাঝে তাকে নিতে আনুষ্ঠানিক প্রস্তাবের কাজটাও শুরু করেছে ফ্ল্যামেঙ্গো দল।
সেখানে জানানো হয় ৩৫ মিলিয়ন ইউরোতে পাকুয়েতাকে দলে ভেড়াতে যাচ্ছে ফ্ল্যামেঙ্গো। যেটা বাংলাদেশের টাকায় প্রায় ৪৫০ কোটি টাকা। এর আগে লিও তে ৫১ মিলিয়ন ইউরো দিয়ে পাকুয়েতাকে নিজেদের দলে নেয় ওয়েস্ট হ্যাম। এরপর কয়েকবার তার দাম ১০০ মিলিয়ন হলেও তাকে বিক্রি করেনি ক্লাবটি। তবে এবার দল ছাড়তে চাচ্ছেন পাকুয়েতা নিজেই। আবার রেলিগেশনের শঙ্কায় ওয়েস্ট হ্যামও নতুন করে দল গোছানোর চিন্তা করছে। তাই সবকিছু মিলিয়েই আসছে এমন সিদ্ধান্ত।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো বর্তমানে বেশ শক্তিশালী দলই গড়েছে। দক্ষিণ আমেরিকায় দাপট দেখাচ্ছে দলটি, আগামী দিনে চায় পুরো বিশ্বে দাপট দেখাতে। আর সেখানে তারকাবহুল দলে পাকুয়েতার সংযুক্তি দলটাকে করবে আরো শক্তিশালী। তবে বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্তে কোন পক্ষ কেমন উপকৃত হবে, এটাই বড় প্রশ্ন৷




