চেলসি শুনলে আপনার যে নামগুলো মাথায় আসবে, তার মধ্যে অন্যতম থাকবে এশলে কোলের নাম। ইংলিশ ক্লাবটির সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে এই ইংলিশ ফুটবলারের নাম। চেলসির হয়ে কোল খেলেছেন মোট ৯ মৌসুম। যেখানে তিনি সর্বমোট খেলেছেন ৩৩৮ ম্যাচ, আছে ৭ গোল ও ৩৩ এসিস্ট। তাকে বলা হয় প্রিমিয়ার লীগের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে।
এক সময় চেলসির অধিনায়কত্ব করা কোল এবার মন্তব্য করলেন চেলসির বর্তমান অধিনায়ক নিয়ে। আর সেখানে এঞ্জো ফার্নান্দেজের অধিনায়কত্ব ও তার ট্রান্সফার নিয়ে কথা বলেন কোল। টিএনটি স্পোর্টসে উঠে আসে তার সেই সাক্ষাৎকার।
বর্তমান সময়ে চেলসিতে দুর্দান্ত ফর্মে আছেন এঞ্জো। এই মৌসুমে চেলসির হয়ে ১৩ গোল এসিস্ট হয়ে গেছে তার। এর মাঝে লীগে করেছেন ৬ গোল ও ১ এসিস্ট। এত তারকার মাঝেও লীগে চেলসি দলে তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন মাত্র একজন।
একইসাথে চেলসিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার নেতৃত্বে গত ক্লাব বিশ্বকাপ জয় করে চেলসি। দলে আছে অনেক ভাঙা গড়া, এর মাঝেই চেলসির ডেরায় ভালোভাবেই আছেন এঞ্জো।
কিন্ত তার দিকেই নজর পড়েছে রিয়াল মাদ্রিদের। এমনকি এই মিডফিল্ডারের জন্য ৯০ থেকে ১০০ মিলিয়নের অফারও এসেছে। তবে কি চেলসি ছেড়ে মাদ্রিদ হবে এঞ্জোর ঠিকানা?
এই বিষয়গুলো নিয়েই কথা বলেন কোল। কোলের মতে এঞ্জো একজন দারুণ অধিনায়ক, যিনি দারূনভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। একইসাথে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও৷ চেলসির তাকে ছাড়া উচিত না বলে জানান কোল।আজ থেকে ১০ বা ১৫ বছর আগে হলে চেলসি তাকে কখনই ছাড়ত না। তবে ট্রান্সফারমার্কেটের এমন অবস্থায় কি করবে এঞ্জো বা চেলসি, সেটা তিনি নিশ্চিত নন। একইসাথে এঞ্জোর মত বয়সী খেলোয়াড়রা শিরোপা জয়ে মুখিয়ে থাকে বলেও জানান এই ইংলিশ লিজেন্ড।
প্যাডি পাওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে কোল বলেন “ সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে ড্রেসিংরুমের একজন নেতা। সে এমন এক বয়সে আছে যখন সে সব ধরণের শিরোপা জিততে চাইবে। যদি রিয়াল মাদ্রিদ কোন খেলোয়াড়কে ডাকে, সেখানে খেলোয়াড়রা সারা দিতে প্রস্তত থাকে। বাট চেলসির জন্য তাকে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি জানিনা প্রাইস ট্যাগ কেমন আসবে। আপনি যদি ১০ বা ১৫ বছর আগে বলতেন, আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে বিক্রির কোন সম্ভাবনাই ছিল না। তবে বর্তমানের পরিস্থিতি একটু আলাদা”
সব মিলিয়ে এঞ্জো ক্লাব ছাড়বেন কিনা তা নিশ্চিত নয় এখনও। তবে কোলের মত একজন খেলোয়াড়ের তাকে নিয়ে প্রশংসা প্রমাণ করে, কত গুরুত্বপূর্ণ ভুমিকা তিনি পালন করছেন চেলসি দলে।




