ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচ হারের পর ভারতের সামনে চাপ বেড়ে গেছে।
বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠা নিশ্চিত নয়। এই অবস্থায় আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে জিম্বাবুয়ে, যা ভারতের জন্য বাঁচা-মরার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।
শিশিরের কারণে রাতের দিকে বল করা দলের জন্য সাধারণত সমস্যা তৈরি হয়।
তাই টস জিতলে বেশিরভাগ দল বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিশিরের প্রভাব কমানোর জন্য তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র থেকে ডিউ কিউর নামের একটি বিশেষ রাসায়নিক আমদানি করেছে।
মাঠকর্মীরা গত দুই দিন বিকেলে আউটফিল্ডে পানির সঙ্গে মিশিয়ে এটি ছিটিয়েছেন, যার ফলে শিশির কমে বলের গতি ও নিয়ন্ত্রণে সুবিধা হবে।পাশাপাশি আউটফিল্ড শিশিরমুক্ত থাকলে তা ফার্স্ট হবে এতে করে রানও বেশি করা সম্ভব।

আজ চেন্নাইয়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা মাত্র দশ শতাংশ।
ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়, ফলে রাতের দিকে শিশিরের প্রভাব বেড়ে যেতে পারে।
গত দুই ম্যাচে ভারতের পারফরম্যান্স উদ্বেগজনক। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের পরাজয় ভারতের নেট রান রেট -৩.৮০০-এ নেমে এসেছে।
অন্যদিকে মুম্বাইয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শীর্ষে উঠে গেছে, নেট রান রেট +৫.৩৫০। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে +৩.৮০০ রেট নিয়ে। এই পরিস্থিতিতে ভারতের জন্য জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেবল জয় নয়, বড় ব্যবধানে জয় নিয়েই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা সম্ভব।




