চলতি আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে তরুণ ব্যাটার বৈভব সুরিয়াবংশীর অসাধারণ পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।
বিশেষ করে হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে তার বিধ্বংসী সেঞ্চুরি এখনো ক্রিকেট বিশ্লেষকদের মুখে মুখে।
এই ইনিংসের পরই পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ধারাভাষ্যকার নোমান নিয়াজ এমন এক মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।

একটি আলোচনামূলক অনুষ্ঠানে নোমান নিয়াজ বলেন, বৈভব সুরিয়াবংশীর ব্যাটিং এতটাই বিস্ফোরক যে, বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না।
তার মতে, “বৈভবের ব্যাটে সম্ভবত কোনো এআই চিপ ব্যবহার করা হচ্ছে। এমন শক্তি ও টাইমিং একজন কিশোর ক্রিকেটারের জন্য অস্বাভাবিক।
” তিনি আরও দাবি করেন, বৈভবের ব্যাটকে ল্যাবে নিয়ে পরীক্ষা করা উচিত, ঠিক যেভাবে অ্যাথলেটদের ডোপ টেস্ট করা হয়, যেন কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।
নোমান নিয়াজের এই মন্তব্য প্রকাশ পাওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে তা নিয়ে ব্যাপক আলোচনা ও ট্রল শুরু হয়।
অনেকেই বিষয়টিকে নিছক মজার মন্তব্য হিসেবে দেখলেও কেউ কেউ এটিকে তরুণ ব্যাটারের অসাধারণ প্রতিভার প্রতি অতিরঞ্জিত প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছেন।
অন্যদিকে, বৈভব সুরিয়াবংশীর এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।তিনি বলেন, এত কম বয়সে এই ধরনের আত্মবিশ্বাস ও পাওয়ার হিটিং সত্যিই ব্যতিক্রমী এবং ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দেয়।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, নোমান নিয়াজের “এআই চিপ” মন্তব্য মূলত বৈভবের অসাধারণ প্রতিভার সামনে বিস্ময় ও অতিরঞ্জিত প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ।
বর্তমান ফর্ম বজায় থাকলে খুব শিগগিরই এই তরুণ ব্যাটারকে ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে বলেও ধারণা করছেন তারা।
অবশ্য ইতোমধ্যে তরুন হিসবে ক্রিকেট ইতিহাসের অনেক রেকর্ডই নিজের নামে করে নিয়েঁছেন এই তরুন।




