আর্জেন্টিনাকে মাত্র ৩ বছরের মাথায় ৪ টি ট্রফি জিতিয়েছেন স্কালোনি,আরো এক ট্রফির সন্ধানে যাচ্ছেন ২৬ বিশ্বকাপে।
কথা ছিলো সেই চুক্তি বাড়তেও পারে,তবে তার মাঝেই ভিন্ন এক খবর।
স্কালোনিকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। চলতি বছরের ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই তিনি দায়িত্ব ছাড়তে পারেন,এমন জল্পনা এখন বেশ জোরালো। বিশেষ করে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে তার নাম সামনে আসায় আলোচনা আরও তীব্র হয়েছে।
স্প্যানিশ সাংবাদিক মানালো লামা সম্প্রতি ‘এল পার্তিদাজো দে লা কাদেনা কোপ’ অনুষ্ঠানে দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যেই স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ক্লাবটি নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় একাধিক প্রার্থীর সঙ্গে আলোচনা করছে, আর সেই তালিকায় স্কালোনিও রয়েছেন। লামা আরও ইঙ্গিত দেন, পেরেজ অতীতের মতোই কিছুটা চমকপ্রদ সিদ্ধান্তের পথে হাঁটতে পারেন।
স্কালোনির কোচিং ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি আন্তর্জাতিক ফুটবলে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন।
তার অধীনে আর্জেন্টিনা জিতেছে ফিফা বিশ্বকাপ ২০২২, পাশাপাশি কোপা আমেরিকা ২০২১ ও কোপা আমেরিকা ২০২৪ শিরোপা।
তার নেতৃত্বে দলটি শুধু ট্রফিই জেতেনি, বরং একটি সুসংগঠিত ও ভারসাম্যপূর্ণ ইউনিটে পরিণত হয়েছে। ড্রেসিংরুমে তারকা খেলোয়াড়দের সামলানোর ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, যেখানে দলের নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি।
খেলোয়াড়ি জীবনেও স্কালোনির অভিজ্ঞতা রয়েছে স্প্যানিশ ফুটবলে। তিনি দেপোর্তিভো লা করুনা ও মায়োর্কা-এর হয়ে খেলেছেন।
পাশাপাশি কোচিংয়ের শুরুতে হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে সেভিয়া ক্লাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে লা লিগার পরিবেশ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।
যদিও এই যোগাযোগ হয়নি বলেই জানিয়েছে আর্জেন্টাইন গনমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, তবে স্কালোনি যে মাদ্রিদের শর্ট লিস্টে আছে মারিনহোর সাথে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।




