বয়স বাড়ছে, নতুন ডিফেন্ডার আসছে, তবুও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বারবার ফিরে আসে একটি নাম, আর সেটা থিয়াগো সিলভা।
৪১ বছর বয়সী সিলভার পারফর্মেঞ্চ তাকে নিয়ে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে কারণে এবার তাকে দল থেকে আলাদা করতে পারলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। ব্রাজিলের বিশ্বকাপের জন্য এই ইতালিয়ানের দলে এই পোর্তো সেন্টার ব্যাক।
কয়েক মাস আগেও সিলভার জাতীয় দলে ফেরাটা অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। কারণ ব্রাজিল এখন অনেকটা নতুন প্রজন্মের দিকে ঝুঁকছে।
ডিফেন্সে তরুণ, দ্রুতগতির খেলোয়াড়দের ভিড়ে ৪১ পেরোনো একজন ডিফেন্ডারের সুযোগ পাওয়াটা সহজ কিছু নয়। কিন্তু থিয়াগো সিলভা বরাবরই অন্যরকম। আর যে কারণে অন্যের জন্য যা কঠিন, সেই কাজটাই সিলভা করলেন সহজভাবে।
৪১ এ এসে সিলভা ফিরলেন ইউরোপের বড় লীগে। এমনকি ইউরোপে লীগে ফিরে জিতলেন শিরোপাও।
এই মৌসুমে পোর্তোর হয়ে ১৪ ম্যাচ খেলেছেন সিলভা, এখনও দিচ্ছেন ৯৩ ভাগ হারে সফল পাস।
পরিশ্রম ও নিয়মানুবর্তিতার পুরষ্কার তাই এবার পেলেন এই ডিফেন্ডার। কার্লো অবশ্য আগেই বলেছিলেন বয়স নয়, তার কাছে গুরুত্বপূর্ণ পারফর্মেঞ্চ। নিজের কথার প্রতিফলন এবার রাখলেন এই ইতালিয়ান কোচ। সেখানেই বিশ্বকাপের জন্য ডাকলেন ৪১ বছরের সিলভাকে।
বয়স বাড়লেও তার সবচেয়ে বড় শক্তি এখনও একই জায়গায় আছে, আর সেটা ম্যাচ পড়ার ক্ষমতা।
অনেক ডিফেন্ডার গতি দিয়ে পরিস্থিতি সামলায়, সিলভা সামলায় মাথা দিয়ে। কখন সামনে উঠতে হবে, কখন লাইনে থাকতে হবে, কখন পুরো ডিফেন্সকে নির্দেশ দিতে হবে এসব জায়গায় এখনও তিনি অসাধারণ। আর বড় টুর্নামেন্টে এই অভিজ্ঞতাই অনেক সময় পার্থক্য গড়ে দেয়।
যে কারণে বিশ্বকাপের জন্য ফিফার কাছে পাঠানো ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক।
আর এরপর থেকেই প্রশ্ন উঠেছে, শুধু প্রি-লিস্টেই থাকবেন, নাকি শেষ পর্যন্ত চূড়ান্ত বিশ্বকাপ দলেও জায়গা করে নেবেন তিনি?
চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইটা সহজ হবে না। ব্রাজিলের হাতে এখন বেশ কয়েকজন ভালো সেন্টারব্যাক আছে।
মার্কুইনহস, মেঘালাস, লিও পেরেইরা, ব্রেমার, মুরিলোরা সেন্টার ব্যাক পজিশনে বড় নাম৷ কিন্তু তারপরও সিলভাকে পুরোপুরি হিসাবের বাইরে রাখা যাচ্ছে না।
কারণ বড় ম্যাচে কোচরা প্রায়ই এমন খেলোয়াড়দের বেছে নেন, যারা চাপের মুহূর্তে শান্ত থাকতে পারে। আর সেখানেই সিলভা থাকতেই পারেন আলোচনায়।
সবকিছু মিলিয়ে এখনো সম্ভাবনা আছে, ভালোভাবেই আছে। হয়তো তিনি নিয়মিত একাদশের খেলোয়াড় হবেন না, কিন্তু স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। আর যদি শেষ পর্যন্ত চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।




