আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক কাজের জন্যও বরাবরই প্রশংসিত। এবারও সামনে এসেছে তেমনই এক ঘটনা। আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও লা রেডের ‘এমপি৯১০’ অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের পর দলের পেছনে কাজ করা সাধারণ কর্মীদের জন্য বড় অঙ্কের অর্থ উপহার দিয়েছিলেন মেসি।
সালোরিও বলেন,
‘সে কমপ্লেক্সের প্রত্যেকের মাঝে এটি সমানভাবে ভাগ করে দিয়েছিল পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনি থেকে শুরু করে প্রত্যেক সাধারণ শ্রমিকদের মাঝে।’
আর্জেন্টিনা দলের অনুশীলন কেন্দ্র এজেইজা কমপ্লেক্সের এসব কর্মীরা সাধারণত আলোচনার আড়ালেই থাকেন। কিন্তু মেসি তাদের অবদানকে আলাদাভাবে মূল্যায়ন করেছেন। শুধু নামকরা খেলোয়াড় বা কোচিং স্টাফ নয়, বরং নেপথ্যে কাজ করা মানুষদের প্রতিও যে তার সমান শ্রদ্ধা রয়েছে, সেটিই এই ঘটনায় স্পষ্ট হয়েছে।
সাবেক এই ফিটনেস কোচ আরও জানান, কর্মীদের যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, তা ছিল অবিশ্বাস্য রকম বড়। তিনি বলেন,
‘যদিও এটা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য যথেষ্ট টাকা নাও হয়ে থাকে, তবে এটি তার খুবই কাছাকাছি ছিল।’
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশে একটি মাঝারি মানের অ্যাপার্টমেন্টের গড় মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার। সেই হিসাব ধরলে বোঝা যায়, কর্মীদের জন্য মেসির উপহারের পরিমাণ কতটা বড় ছিল।
সালোরিও আরও ইঙ্গিত দেন, এটি প্রথমবারের ঘটনা নয়। এর আগেও আর্জেন্টিনা দলের ফুটবলাররা এজেইজা সেন্টারের কর্মীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। তবে বিস্তারিত জানাতে চাননি তিনি। মেসির প্রশংসা করে তিনি বলেন,
‘লিও আরও অনেক কিছুই করেছে… মানুষ শুধু সেগুলো সম্পর্কে জানে না।’
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে তৃতীয় শিরোপা জয়ের পর FIFA আর্জেন্টিনাকে প্রায় ৪ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়। এছাড়া কনমেবল থেকেও আসে আরও ১ কোটি ১৬ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ।




