Homeফুটবল৭ হাজার কোটি টাকা ছাড়া আলভারেজকে বিক্রি করবে না ক্লাব, বার্সেলোনার নামে...

৭ হাজার কোটি টাকা ছাড়া আলভারেজকে বিক্রি করবে না ক্লাব, বার্সেলোনার নামে হতে পারে মামলা!

- Advertisement -spot_img

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে ইউরোপিয়ান ফুটবলে নতুন করে শুরু হয়েছে নাটকীয়তা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আতলেতিকো মাদ্রিদের এই তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি এখন আর শুধু দলবদলের আলোচনায় সীমাবদ্ধ নেই; বরং সম্ভাব্য আইনি জটিলতার কারণে এটি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর দাবি, আলভারেজকে ছাড়ার ব্যাপারে আতলেতিকো মাদ্রিদ অনড় অবস্থানে রয়েছে। ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকার সমান। এই অর্থ পরিশোধ ছাড়া খেলোয়াড়কে ছাড়ার কোনো ইচ্ছা নেই আতলেতিকোর।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বার্সেলোনার বিরুদ্ধে ওঠা অভিযোগ। আতলেতিকোর ধারণা, বার্সেলোনা পর্দার আড়ালে আলভারেজের সঙ্গে যোগাযোগ করে তাকে ক্লাব ছাড়তে উৎসাহিত করছে। এমন অভিযোগের ভিত্তিতে কাতালান ক্লাবটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই বিরোধে ফিফার হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। কারণ এটি স্পেনের দুটি ক্লাবের মধ্যকার বিষয় হওয়ায় মামলাটি স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং দেশটির আদালতের আওতায় পড়বে। অতীতেও আঁতোয়ান গ্রিজম্যানের বার্সেলোনায় যোগদানের ঘটনায় একই ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় গোপন যোগাযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় বার্সেলোনাকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়েছিল।

স্পেনের ক্রীড়া আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় একতরফাভাবে চুক্তি বাতিল করলে সংশ্লিষ্ট ক্লাব ক্ষতিপূরণ দাবি করতে পারে। এমনকি চুক্তি ভাঙার এক বছরের মধ্যে নতুন ক্লাবে যোগ দিলে সেই ক্লাবও ক্ষতিপূরণের দায় বহন করতে বাধ্য হতে পারে।

ফলে আলভারেজ যদি নিজ উদ্যোগে আতলেতিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় যোগ দেন, তাহলে পরবর্তীতে আদালত নির্ধারিত ক্ষতিপূরণের বড় অংশ কাতালান ক্লাবকেই পরিশোধ করতে হতে পারে। সে কারণে দলবদলটি বাস্তবায়ন করতে হলে বার্সেলোনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।

এ মুহূর্তে আলোচনার টেবিলে সমাধানই সবচেয়ে বাস্তবসম্মত পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় আলভারেজকে ঘিরে এই ট্রান্সফার সাগা স্প্যানিশ ফুটবলে আরেকটি বড় আইনি লড়াইয়ের জন্ম দিতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here