এবার নতুন করে ভাইরাল হয়েছে ‘7up খাওয়া দল’ লিখে সার্চ দেওয়ার বিষয়টি। এমন সার্চ দিলে গুগলের ফলাফলে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নাম এবং ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তাদের ঐতিহাসিক ৭-১ গোলের পরাজয়ের প্রসঙ্গ উঠে আসছে।
সাধারণত সাম্প্রতিক সময়ে গুগলে কী লিখলে একেকটি দলের নাম চলে আসে, তা নিয়ে চলছে নানান মিম-ট্রল পোস্ট।
ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অবৈধভাবে সুবিধা পায়,এমন পোস্ট করতে থাকলে গুগলও এখন সেই অনুযায়ী সার্চ রেজাল্ট দিচ্ছে।
সেখানে এখন কেঁচো খুঁড়তে গিয়ে অবশ্য সাপ বের হয়ে আসছে। কারণ, ব্রাজিলকেও প্রায় ১ যুগ ধরে সেভেন-আপ বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়।
তার ফলশ্রুতিতে এখন গুগলে যদি সেভেন-আপ লিখেই সার্চ দেওয়া হয়, তাহলে নানা অ্যালগরিদম মিলিয়ে সেভেন-আপ দল হিসেবে ব্রাজিলের নাম চলে আসে সবার উপরে।
যেখানে ব্যাখ্যা আছে যে, ২০১৪ সালে নিজেদেরই ঘরের মাঠে হেক্সা মিশনে নেমেছিল ব্রাজিল। আর সেবার আর্জেন্টিনা ফাইনাল খেললেও নকআউটে ঘটে যায় ব্রাজিলের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
ব্রাজিলকে প্রথম ৪৫ মিনিটেই ৫টি গোল দিয়ে দেয় জার্মানি। তবে সেবারের চ্যাম্পিয়নরা পরের অর্ধে দেয় আর মাত্র ২ গোল। আর শেষদিকে অস্কার ব্রাজিলের হয়ে ১ গোল করলেও ৭-১ গোলের বিশাল পরাজয় বরণ করে নিজেদের দেশের মানুষের সামনে লজ্জায় কান্না করেই মাঠ ছাড়েন ব্রাজিলের খেলোয়াড়রা। ১ যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো রাইভালরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সেভেন-আপ বলেও ট্রল করে। আর তাতেই গুগলেও যদি সেভেন-আপ লেখা হয়, আসে ব্রাজিলের নাম।
তবে এটি গুগলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা অবস্থান নয়। সার্চ ইঞ্জিনের ফলাফল মূলত ওয়েবসাইট, সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের ওপর ভিত্তি করে অ্যালগরিদমের মাধ্যমে প্রদর্শিত হয়। ফলে নির্দিষ্ট সময়ের জনপ্রিয়তা, ট্রেন্ড এবং অনলাইনে ব্যবহারের ধরন অনুযায়ী এমন ফলাফল দেখা যেতে পারে।




