মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় লিওনেল মেসির দল।
তবে মাঠের বাইরে অন্য এক লড়াইয়ে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। জার্সি বিক্রিতে সবাইকে পেছনে ফেলেছে আলবিসেলেস্তেরা
২০২৬ বিশ্বকাপ চলাকালীন বিশ্বজুড়ে জাতীয় দলের জার্সি বিক্রির একটি তালিকা প্রকাশ করে পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্ম কালশি।
এছাড়া আলজাজিরা থেকেও প্রকাশ করা হয় এই তালিকাটি। সেই তালিকায় আর্জেন্টিনার জার্সি বিক্রয়ের সংখ্যা ছাড়িয়ে যায় সবাইকে। এমনকি বিশ্বচ্যাম্পিয়ন বা স্বাগতিকরাও জায়গা পায়নি সেখানে।
কালশির সংবাদের মতে আর্জেন্টিনার জার্সি ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে বিক্রি হয়েছে প্রায় ৪১ লাখ ৩০ হাজারটি।
দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ব্যবধানও বেশ বড়। ইংল্যান্ডের জার্সি বিক্রি হয়েছে প্রায় ৩১ লাখ ৪০ হাজার।তালিকায় তৃতীয় স্থানে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
তাদের জার্সি বিক্রি হয়েছে প্রায় ২৫ লাখ ৪০ হাজার। চতুর্থ স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লামিনে ইয়ামালের জনপ্রিয়তার সঙ্গে বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সও স্পেনের জার্সির চাহিদা বাড়িয়েছে।
তাদের বিক্রি হয়েছে প্রায় ২৩ লাখ ৭০ হাজার জার্সি।সেরা পাঁচে শেষ দলটি ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের জার্সি বিক্রি হয়েছে প্রায় ২১ লাখ ৬০ হাজার।
অর্থাৎ এই তালিকার সেরা পাঁচে আর্জেন্টিনা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন ও ফ্রান্স জায়গা করে নিয়েছে। ব্রাজিল নেই সেখানে, আর্জেন্টিনার রাইভাল দেশটি জায়গা করতে পারেনি সেরা পাচেও।
আর্জেন্টিনার শীর্ষে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে।
২০২৬ বিশ্বকাপকে ঘিরে তার শেষ বিশ্বকাপের আবেগও কাজ করেছে। আর্জেন্টিনার জার্সির অধিকাংশ বিক্রি হয়েছে লিওনেল মেসির নাম্বার টেন জার্সি।
সর্বাধিক বিক্রিত খেলোয়াড়ের জার্সিও এটি। ফলে আর্জেন্টিনার জার্সি শুধু দলের সমর্থকরাই কেনেননি, মেসির ভক্তরাও সেটি সংগ্রহ করেছেন।
২০২৬ বিশ্বকাপে মাঠে স্পেন শিরোপা জিতলেও বাণিজ্যিক জনপ্রিয়তার লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে।
আর ব্রাজিলের মতো ঐতিহাসিক ফুটবল শক্তির সেরা পাঁচে না থাকা দেখিয়ে দিচ্ছে, ফুটবলে ঐতিহ্য থাকলেই সবসময় জার্সি বিক্রিতে শীর্ষে থাকা যায় না। কখনও কখনও একজন কিংবদন্তি খেলোয়াড়ের জনপ্রিয়তাই পুরো দেশের জার্সিকে বিশ্ববাজারে অন্য সবার ওপরে তুলে দিতে পারে।




