রিয়াল মাদ্রিদের সাথে গুঞ্জন শোনা গিয়েছিল বেশ। সেই গুঞ্জন আছে এখনও। তবে এবার যেন এঞ্জো ফার্নান্দেজের ট্রান্সফার ঝুলে পড়ছে অন্যদিকে।
ইংল্যান্ড থেকে এবার স্পেনে নয়, বরং শহর পরিবর্তনের দিকেই ঝুকছেন এই আর্জেন্টাইন। এঞ্জোকে নিতে যে এবার দর কষাকষি দুই ইংলিশ জায়ান্ট ক্লাবের।
আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আর সেই গুঞ্জনের কেন্দ্রে ম্যানচেস্টার সিটি।সিটির মাঝমাঠে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
রদ্রির ভবিষ্যৎ নিয়েই এখন অনিশ্চয়তা। বার্সেলোনা তাকে দলে নিতে আগ্রহী। স্প্যানিশ ক্লাবটি ইতোমধ্যে রদ্রির জন্য নতুন প্রস্তাবও দিয়েছে। এই পরিস্থিতিতে রদ্রির সম্ভাব্য বিকল্প হিসেবে এঞ্জো ফার্নান্দেজকে দেখছে সিটি।
এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট, স্কাই স্পোর্টস সহ একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। আর সেখানে এঞ্জোর জন্য চড়ামুল্য দাবি করেছে তার বর্তমান ক্লাব।
এঞ্জোকে পেতে হলে চেলসিকে বড় অঙ্কের টাকা দিতে হবে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, চেলসি তাদের আর্জেন্টাইন তারকার জন্য প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য ধরেছে।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭০০ কোটি টাকার কাছাকাছি। অর্থ্যাৎ এই চড়ামুল্যেই এঞ্জোকে বিক্রির ব্যাপারে সম্মত চেলসি।
২০২৩ সালে বেনফিকা থেকে তাকে আনতে চেলসির খরচ হয়েছিল প্রায় ১০৬.৮ মিলিয়ন পাউন্ড। সেটি এখনো ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি।তারপর থেকে এঞ্জো হয়ে উঠেছেন চেলসির গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
মাঝমাঠে তার পাসিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনও চেলসিতে নিজের জায়গা তৈরি করেছেন। যে কারণে সহজেই যে এঞ্জোকে ছাড়ছেনা ব্লুজরা, সেটিই যেন জানিয়ে দিলো তারা।
এঞ্জোর জন্য সিটির আগ্রহের বড় কারণ রদ্রির ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছে রদ্রি এই মৌসুমে ক্লাব ছাড়ছেন।
বার্সেলোনায় হতে পারে তার সম্ভাব্য ঠিকানা, রিয়াল মাদ্রিদও আছে আলোচনা। সেক্ষেত্রে তার বিকল্পে এঞ্জোর নাম উঠে আসছে বারবার।
আবার যদি রিয়াল মাদ্রিদ রদ্রিকে না পায়, তবে তারাও ঝুকতে পারে এঞ্জোর দিকে। সব মিলিয়ে একাধিক সম্ভাবনা আছে এই ট্রান্সফারে।
যদিও এক এঞ্জোর দিকেই যে নজর ম্যানচেস্টার সিটির, বিষয়টি এমন নয়।
বিশ্বকাপে ভালো খেলা মরোক্কোর আয়ুব বৌয়াদ্দির দিকে নজর আছে তাদের।তবে সবার প্রথম পছন্দ হিসেবে থাকবেন এই এঞ্জোই। সব মিলিয়ে তাই জটিল সিদ্ধান্তের সামনে এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
বিশ্বকাপজয়ী এঞ্জো ফার্নান্দেজ কি শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজেই থাকবেন, নাকি আবারও ট্রান্সফার বাজারে বড় অঙ্কের খেলোয়াড় হয়ে ম্যানচেস্টারে পাড়ি দেবেন? উত্তরটা এখনো সময়ের হাতে।
তবে একটা বিষয় পরিষ্কার, এঞ্জোকে নিয়ে এবারের ট্রান্সফার নাটকের দামটা কিন্তু বেশ চড়া! ক্লাবগুলোকে তাকে পেতে হবে সেই মুল্য দিয়েই?




