২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পড়েন মেসি,আর স্থায়ী অধিনায়ক হয়েছেন ২০১১ সালে।এই দীর্ঘ পথের সমাপ্তি ঘটেছে।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা জাতীয় দলে শুরু হচ্ছে নতুন অধ্যায়। দুই দশকের বেশি সময় ধরে দলটির সবচেয়ে বড় মুখ হয়ে থাকা লিওনেল মেসির বিদায়ের পর এখন নেতৃত্ব ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়তে যাচ্ছে নতুন প্রজন্মের দুই ফুটবলারের ওপর।

অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে ক্রিস্তিয়ান রোমেরোর হাতে, আর কিংবদন্তি ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে সামনে আসছেন নিকো পাজ।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক রোমেরোকেই জাতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করেছে দলটির কোচিং স্টাফ।
মেসির বিদায়ের পর নেতৃত্বের জন্য অভিজ্ঞতা, দলের ভেতরে গ্রহণযোগ্যতা এবং মাঠে প্রভাব,এই তিনটি বিষয় বিবেচনায় রোমেরোকে এগিয়ে রাখা হয়েছে।
২০১১ সালে আর্জেন্টিনার অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন মেসি। দীর্ঘ ১৫ বছরের নেতৃত্বে তিনি দলকে ২০২২ বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকা জেতান।
সেই সঙ্গে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের অবস্থানও প্রতিষ্ঠা করেন।
তার বিদায়ের পর রোমেরোর সামনে তাই দায়িত্বটা কেবল একটি আর্মব্যান্ড পরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তাকে বহন করতে হবে একটি সফল দলের নেতৃত্বের প্রত্যাশাও।
জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৫৮ ম্যাচ খেলেছেন রোমেরো। এর মধ্যে তিনটি ম্যাচে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে এবং প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। রক্ষণভাগে দৃঢ়তা, লড়াকু মানসিকতা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার সক্ষমতা তাকে নেতৃত্বের জন্য যৌক্তিক পছন্দ করে তুলেছে।
তবে সবচেয়ে বড় আলোচনা মেসির ১০ নম্বর জার্সি নিয়ে। মারাদোনা ও মেসির মতো কিংবদন্তিদের গায়ে থাকা এই জার্সি এবার উঠতে পারে নিকো পাজের গায়ে।
আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতায় ইতোমধ্যে নজর কেড়েছেন এই তরুণ।
২০২৬ বিশ্বকাপের পর মেসি ও নিকোলাস ওতামেন্দির বিদায়ের সম্ভাব্য প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে সামনে আনার পরিকল্পনার অংশ হিসেবেই পাজকে ১০ নম্বর জার্সির দায়িত্ব দেওয়ার চিন্তা করছে স্কালোনির দল।
অবশ্য মেসির উত্তরসূরি হওয়া মানেই তার সঙ্গে তুলনার চাপও বহন করা। পাজের জন্য সেটিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে তারুণ্য ও প্রতিভার ওপর আস্থা রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চাইলে সিদ্ধান্তটি যথেষ্ট যৌক্তিক।
একদিকে রোমেরোর নেতৃত্বে রক্ষণভাগের স্থিতিশীলতা, অন্যদিকে পাজের পায়ে মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন পরিচয় গড়ার পরিকল্পনা কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।




