লিওনেল মেসির ক্লাবের মালিকানা নেওয়া নতুন নয়,তবে ক্যারিয়ারের শেষ দিকে যেন বড় কিছুই করতে চাচ্ছেন তিনি। যেমন এবার ৫ মাসেই ২ টি স্প্যানিশ ক্লাব কিনছেন লিও।
খেলোয়াড় হিসেবে স্পেন ছেড়েছেন পাঁচ বছর আগে। কিন্তু দেশটির ফুটবলের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক যেন শেষ হওয়ার নয়।
বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় রাজত্ব করার পর এবার ভিন্ন পরিচয়ে স্প্যানিশ ফুটবলে নিজের প্রভাব বাড়াচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
এরই মধ্যে একটি ক্লাবের মালিক হয়েছেন, এবার আরও একটি ক্লাবের মালিকানায় যাওয়ার দ্বারপ্রান্তে তিনি।
এপ্রিলেই স্পেনের পঞ্চম স্তরের দল কর্নেয়ায় বিনিয়োগ করে ক্লাবটির মালিকানা নিয়েছিলেন মেসি। এবার তার নজর আরও ওপরে।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসেকে কেনার ব্যাপারে মেসি নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।
যদিও মালিকানা বদলের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
চুক্তি সম্পন্ন হওয়ার আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা পার হতে হবে। সম্ভাব্য নতুন মালিক হিসেবে মেসিকে পেতে হলে প্রথমে এলদেনসের আর্থিক অবস্থা ও বিভিন্ন আইনি বিষয় যাচাই করা হবে।
এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও প্রয়োজন হবে। বর্তমানে ক্লাবটির মালিক কলম্বিয়ার প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ।
এলদেনসে স্প্যানিশ ফুটবলের খুব বড় নাম না হলেও ক্লাবটির বয়স এক শতাব্দীর বেশি। ১৯২১ সালে যাত্রা শুরু করা দলটি ২০২৩ সালে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উঠেছিল।
দীর্ঘ ৫৯ বছরের অপেক্ষার পর পাওয়া সেই সাফল্য অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে আবার নিচের স্তরে নেমে যায় ক্লাবটি। তবে ২০২৬-২৭ মৌসুমে পুনরায় দ্বিতীয় বিভাগে জায়গা করে নিয়েছে তারা।
মেসির জন্য এলদেনসে কেনার বিষয়টি তাই আলাদা গুরুত্ব বহন করছে। কর্নেয়া আধা-পেশাদার পর্যায়ের দল হওয়ায় সেটি ছিল স্প্যানিশ ফুটবলে তার প্রথম মালিকানা।
এলদেনসে অধিগ্রহণ করতে পারলে এবার প্রথমবারের মতো একটি পেশাদার স্প্যানিশ ক্লাবের মালিক হবেন তিনি।
বার্সেলোনার সঙ্গে মেসির পুরোনো সম্পর্কই হয়তো স্পেনের ফুটবলে তার নতুন এই আগ্রহের অন্যতম কারণ।
২০০৪ সালে মূল দলের হয়ে অভিষেকের পর ২০২১ সালে বিদায় নেওয়া পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন ৭৭৮টি ম্যাচ।
গোল করেছেন ৬৭২টি, পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৩০৩ বার। বার্সার হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ৩৪টি ট্রফি, যার মধ্যে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ।
ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে থাকলেও স্প্যানিশ ফুটবল থেকে মেসির দূরত্ব তাই ক্রমেই কমছে।
এবার এলদেনসে তার মালিকানায় গেলে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুটি স্প্যানিশ ক্লাবের মালিকানা নিজের করে নেওয়ার বিরল নজির গড়বেন বিশ্বকাপজয়ী এই তারকা।




