একজন আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে বড় তারকা, অন্যজন তার দীর্ঘদিনের সঙ্গী। একজনের পায়ে লেখা হয়েছে অসংখ্য ইতিহাস, অন্যজন গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার হয়েছেন নায়ক।
লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া—আর্জেন্টিনার সোনালি প্রজন্মের এই দুই তারকার বন্ধুত্ব ও জাতীয় দলের পথচলা যেন একে অন্যের সঙ্গে জড়িয়ে। এবার সেই গল্পের আরেকটি আবেগঘন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন ফুটবল।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
আর এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মেসির বিদায়ী ম্যাচ। তবে সেই ম্যাচে মেসি একা থাকছেননা। স্কোয়াডে না থাকলেও মেসির সাথে এই ম্যাচে যোগ দিচ্ছেন তার দীর্ঘদিনের সঙ্গী এনহেল ডি মারিয়া।
ডি মারিয়া নিজে জানিয়েছেন সেদিন মাঠে থাকার কথা। ফলে স্বাভাবিকভাবেই সামনে এসেছে নতুন প্রশ্ন,এটি কি শুধু মেসির বিদায়ের রাত, নাকি একই সঙ্গে দুই বন্ধুর বিদায়ও স্মরণীয় করে রাখার আয়োজন থাকবে?
রোসারিও সেন্ট্রালের হয়ে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে ম্যাচের পর মিক্সড জোনে কথা বলেন দি মারিয়া।
সেখানেই মেসির বিদায়ী ম্যাচে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ৫ অক্টোবর রেসিং ক্লাবের বিপক্ষে বানফিল্ডের ম্যাচের পর বুয়েনস আইরেসে থেকে গিয়ে পরদিন মনুমেন্টালে যাওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
ডি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে যেতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলব, তাই সম্ভবত সেখানেই থেকে যাব। স্টেডিয়ামটা আমার পথেই পড়বে, আমি সেখানে থাকব”
এই একটি বক্তব্যই আর্জেন্টাইন সমর্থকদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ মেসির বিদায়ী ম্যাচে তার সবচেয়ে কাছের বন্ধুদের একজনকে গ্যালারিতে দেখা যাবে।
হয়তবা মাঠে বিদায়ের মুহুর্ত দুইজন উজ্জাপন করবেন একইসাথে। সেখানেই মেসির সাথে ডি মারিয়াও হয়ত বিদায় নেবেন দর্শকদের থেকে।
আরো একবার দুইজন মাঠ থেকেই বিদায় জানাবেন দর্শকদের। কিন্ত সেই বিদায়টা যদি আর্জেন্টাইন বোর্ডের থেকে, সেটা যেন এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিবে আরো কয়েকগুণ।
অবশ্য এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা দি মারিয়ার পক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি যে ওই ম্যাচে তার জন্য আলাদা বিদায়ী আয়োজন করা হবে।
দি মারিয়া নিজে শুধু জানিয়েছেন, তিনি মেসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকবেন। কিন্ত আর্জেন্টাইন ভক্তদের নজর যে এই ম্যাচে শুধু একদিকে সীমাবদ্ধ থাকবেনা, সেটা তো এক প্রকার নিশ্চিত হয়েই বলা যায়।




