বাংলাদেশ ফুটবলে হামজা আসার পর বদলেছে অনেক কিছু। মাঠে নামার আগেই প্রতিপক্ষের চোখে পড়েন তিনি।
কারণ তাঁর অভিজ্ঞতা। ইংল্যান্ডের ফুটবলে বড় হয়েছেন হামজা। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপেও খেলেছেন নিয়মিত। বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, সেটা তাঁর অজানা নয়।
আর এই অভিজ্ঞতাটাই এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন।মাঝমাঠে বল পায়ে হামজা থাকলে বাংলাদেশের খেলার ধরনই বদলে যায়।
প্রতিপক্ষের প্রেসিংয়ের মধ্যে বল ধরে রাখতে পারেন। বল কেড়ে নিতে পারেন। সামনে পাস দিতে পারেন। আবার প্রয়োজন হলে নিচে নেমে ডিফেন্সকেও সাহায্য করেন। সবচেয়ে বড় কথা, মাঠে তাঁর মধ্যে একটা নেতৃত্বের ব্যাপার দেখা যায়।
নেতৃত্বের দিক থেকেও হামজা অভিজ্ঞতা সম্পন্ন। স্বয়ং লেস্টার সিটির মত ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন বাংলার এই সুপারস্টার।
শেফিল্ডেও ছিলেন অধিনায়ক হিসেবে। হামজা চৌধুরীর মত নেতা কাজে লাগাতে চাইবে বিশ্বের অনেক দল। আর সেখানে বাংলাদেশ এখনও হামজার হাতে দেয়নি ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড
বাংলাদেশকে এখন শুধু একজন ভালো মিডফিল্ডার নয়, একজন মাঠের নেতা দরকার। যিনি প্রতিপক্ষের শক্তিকে ভয় পাবেন না।
সতীর্থদের সাহস দেবেন, ভুল হলে পাশে দাঁড়াবেন। আবার প্রয়োজন হলে মাঠের মধ্যেই সতীর্থদের নির্দেশনা দেবেন। ফুটবল নিয়ে যার যেমন জ্ঞান ও সামর্থ্য রয়েছে। যাকে ঘিরে সাজানো যায় দল। আর সেটা হতে পারে হামজা চৌধুরীই।
হামজাকে অধিনায়ক করলেই বাংলাদেশ বদলে যাবে না। তাঁকে ঘিরে পুরো মাঝমাঠ সাজাতে হবে। তাঁর পাশে এমন খেলোয়াড় দরকার, যারা বল ধরে রাখতে পারবেন। দ্রুত পাস দিতে পারবেন।
প্রতিপক্ষের চাপ ভাঙতে পারবেন। আর সামনে থাকা আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের দূরত্বও কমাতে হবে।
বর্তমান অধিনায়ক সোহেল রানার জায়গাতেও প্রশ্ন উঠছে। বিশেষ করে সাম্প্রতিক ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেননি সোহেল।
প্রতিপক্ষ চাপ দিলেই বিল্ডআপ ভেঙে পড়েছেন, মাঝমাঠ থেকে আক্রমণে বল যাওয়ার ধারাবাহিকতাও ছিল না। এমন পরিস্থিতিতে হামজাকে আরও স্বাধীনতা দিতে হবে, দরকার হবে এমন এক দক্ষ মিডফিল্ডারও।
আর এখানেই আসতে পারে নতুন দিনের শুরু।
দল নির্বাচনে নাম নয়, পারফরম্যান্স দেখতে হবে। পরিচয় নয়, যোগ্যতা দেখতে হবে।
স্বজনপ্রীতির অভিযোগ যেন আর বাংলাদেশ ফুটবলের আলোচনায় না আসে। দেশের হয়ে যে সবচেয়ে ভালো খেলতে পারবে, তাকেই সুযোগ দিতে হবে।
হামজা হতে পারেন সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। তাঁর অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের শক্তি। তাঁর নেতৃত্ব হতে পারে নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
সেই শুরুটা হোক আজকে দিয়েই। আজকে থেকেই আর্মব্যান্ড উঠুক হামজার হাতে। ফুটবল নিয়ে আবারো আশা সঞ্চারিত হোক দর্শকদের মনে।




