আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি আর বেচে নেই। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইউলালিয়া। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে এই খবর।
রোজারিওর রেডিও টু জানিয়েছে, পরিবারের সূত্রে ইউলালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। স্বামী অ্যাঙ্গেলের সঙ্গে পুজাতোতেই বসবাস করতেন তিনি। স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তিন সন্তানের মা ইউলালিয়া স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাঁর সন্তানদের মধ্যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। অন্য দুই সন্তান মাউরো ও কোরিনা। কোরিনা রোজারিওর কাছে ফুনেস এলাকায় স্কালা বেকারি নামে একটি ব্যবসা পরিচালনা করেন।
মায়ের সঙ্গে স্কালোনির সম্পর্ক ছিল ভীষণ গভীর। জাতীয় দলের ব্যস্ততা থেকে সময় পেলেই মাকে দেখতে ছুটে যেতেন পুজাতোতে।
মায়ের অসুস্থতার খবরও একসময় প্রকাশ্যে জানিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। ২০২১ সালের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন তিনি।
সেদিন স্কালোনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’
ব্যক্তিগত কঠিন সময়ের মধ্যেও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি স্কালোনি। পরের বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি।
এর আগে ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ের পরও মাকে স্মরণ করেছিলেন আবেগাপ্লুত এই কোচ।
সেই সাফল্য মাকে উৎসর্গ করে স্কালোনি বলেছিলেন, ‘আমি এই জয় মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর একটি সমস্যা হয়েছিল। তিনি লড়াই করছেন।’
মায়ের অসুস্থতার সময়েও তাঁর লড়াইয়ের কথা ভোলেননি স্কালোনি। বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে মায়ের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন বারবার। এবার সেই মাকেই হারালেন বিশ্বকাপজয়ী কোচ। ইউলালিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কালোনির পরিবার ও তাঁর নিজ শহর পুজাতোতে।




