ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম আসরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
আজারবাইজানের রাজধানী বাকুতে সিশেলসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে ওঠার পর এবার সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্লেট প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে তরুণ টাইগাররা।
বুধবার সিশেলসের বিপক্ষে নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচের ২৮তম মিনিটে রাতুলের গোলে এগিয়ে যায় দল।
তবে শেষ দিকে গোল হজম করায় নির্ধারিত সময়ে জয় পাওয়া হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে জায়গা করে নেয় বায়েজিদ-রাতুলরা।
সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। ফলে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশের কিশোররা।
এবার বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত, মন্টেনেগ্রোকে পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে আর্জেন্টিনা বা ব্রাজিলের মুখোমুখি হলেও আশ্চর্য হবার কিছুই থাকবেনা বাংলাদেশের জন্য।
এর আগে গ্রুপপর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দল।
বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারলেও শেষ গ্রুপ ম্যাচে ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় কিশোররা।
গ্রুপপর্বের শেষ ম্যাচের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নকআউট পর্বেও ধরে রেখেছে বাংলাদেশ। সিশেলসের বিপক্ষে টাইব্রেকারের জয় এবং সিঙ্গাপুরের বিপক্ষে ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর সাফল্যে এখন শেষ আটে দলটি।
এবার কোয়ার্টার ফাইনালেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের।




