পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসে থাকা সকল কর্মকর্তারা টাইগ্রেসদের এই পদক উদযাপনে অংশ নিয়েছিলেন।
এদিন আগে বোলিং করে পাকিস্তানকে মাত্র ৬৪ রানে আটকে দেয় বাংলাদেশ। ৬৫ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। দুই ওপেনার শামীমা সুলতানা ও সাথী রানী দুজনেই করেন ব্যক্তিগত ১৩ রান করে। ২৭ রানে প্রথম উইকেট হারানোর দ্রুতই আউট হন শোভানা ও অধিনায়ক জোতি। তবে স্বর্ণা আক্তারের অপরাজিত ১৪ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছিয়ে দেয়।
পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু তিনটি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম থেকেই পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখে টাইগ্রেসরা। মাত্র ১৮ রানে তারা হারায় ৪ উইকেট। মিডল অর্ডারে অধিনায়ক নিদা দারের ১৪ আর আলিয়া রিয়াজের ১৭ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান তোলে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।
উল্লেখ্য, ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণপদক খুইয়েছিলো টাইগ্রেসরা।




