নেইমারের বিলাসবহুল গাড়ির প্রতি প্রেম নতুন কিছু নয়।শুধু গাড়ি নয়,শত কোটি টাকার হেলিকপ্টারও আছে তার সংগ্রহে।তবে তার সবচেয়ে বেশি রয়েছে গাড়ির সংগ্রহ।
এবার সেই গাড়ির সংগ্রহে যুক্ত হয়েছে অনন্য এক গাড়ি,ব্যাটম্যানের কিংবদন্তি ‘ব্যাটমোবিল’।
সুপারহিরোপ্রেমী ব্রাজিলিয়ান তারকার নতুন এই সম্পদ যেন বাস্তবেই তাকে পরিণত করেছে এক ‘ডার্ক নাইট’এ!
ব্যাটম্যান চরিত্রের ৮৫তম বর্ষপূর্তি উদযাপনে ওয়ার্নার ব্রাদার্স তৈরি করেছে ব্যাটমোবিলের মাত্র ১০টি বিশেষ সংস্করণ।
নেইমার কিনেছেন তার একটি। এই বিশেষ মডেলের গাড়িটির প্রকৃত মূল্য ৩০ লাখ মার্কিন ডলার বা ৩৬ কোটি টাকার বেশি হলেও হলেও, নেইমার এটি কিনেছেন ১৫ লাখ ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি!
গাড়িটি প্রথম দেখা গিয়েছিল ক্রিস্টিয়ান বেল অভিনীত ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজিতে।
ব্যাটমোবিলটির দৈর্ঘ্য ৪.৬৫ মিটার, প্রস্থ ২.৮ মিটার। শক্ত স্টিলের ফ্রেমের ওপর নির্মিত এই গাড়ির বাইরের অংশ মোড়ানো হয়েছে কার্বন ফাইবার এবং কেভলার দিয়ে। এতে রয়েছে ৬.২ লিটার ক্ষমতাসম্পন্ন ভি৮ ইঞ্জিন, যা উৎপন্ন করে ৫২৫ হর্সপাওয়ার।
সুপারহিরো চরিত্রের প্রতি নেইমারের ভালোবাসা বহু পুরনো। তার পিঠে খোদাই করা আছে ব্যাটম্যান ও স্পাইডারম্যানের ট্যাটু।
এমনকি ব্যাটম্যান সিনেমার খলনায়ক ‘জোকার’-এর পোশাকে নেইমারের ছবি আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এবার ব্যাটমোবিল কিনে সেই ভালোবাসারই নতুন বহিঃপ্রকাশ ঘটালেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নেইমারের গ্যারেজ যেন বিলাসবহুল গাড়ির জাদুঘর! সেখানে আগে থেকেই ছিল,অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি পুরোসাঁগে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও ল্যাম্বরগিনি হুরাকান। ব্যাটমোবিলের মতো আইকনিক গাড়ি যুক্ত হওয়ায় তার কালেকশন যেন পূর্ণতাই পেল।




