আইপিএলের গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ১২ কোটি টাকার বেশি। তবে নানা নাটকীয়তার পর মাঠে নামার সুযোগ না দিয়েই ফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার নতুন আসরের আগে আনুষ্ঠানিকভাবেই তাকে ছেড়ে দেওয়ার তালিকায় রেখেছে কলকাতা।
মুস্তাফিজের সঙ্গে কলকাতার বিদায়ঘণ্টা বেজেছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানারও।
গত মৌসুমে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু চোটের কারণে পুরো মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই লঙ্কান পেসার। মাত্র ৮ বল করেই আইপিএল শেষ হয়ে যায় তার।
অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে গত নিলামে সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় যোগ দেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৩ কোটি টাকারও বেশি। গত আসরে বল হাতে ১০.৬৩ ইকোনমিতে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪৫.৭০ স্ট্রাইকরেটে করেছেন ৩২২ রান।
আগামী বছর অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে পুরো আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও গ্রিনের ওপর আস্থা রেখেছে কলকাতা।
মুস্তাফিজ ও পাথিরানার মতো বড় নামকে বিদায় জানালেও স্কোয়াডের মূল কাঠামো ধরে রেখেছে কলকাতা।
রিটেইন তালিকায় রয়েছেন সুনীল নারাইন, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, ফিন অ্যালেন, মনিশ পান্ডে, রভম্যান পাওয়েল, অঙ্ক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, টিম সেইফার্ট, সার্থক রঞ্জন, অনুকুল রয়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক তিয়াগি ও প্রশান্ত সোলাঙ্কি।
এদিকে, মুস্তাফিজ ও পাথিরানার পাশাপাশি অজিঙ্কা রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দাকশ কামরা, লুভনিথ সিসোদিয়া, নভদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিং ও উমরান মালিককেও ছেড়ে দিয়েছে কলকাতা।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।




