সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ। সেই স্কোয়াডে রাখা হয়েছিলো নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাওয়া সাকিব আল হাসানকে। স্কোয়াডে নিজের নাম দেখে যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসার কথা ছিলো সাকিবের। সেই অনুযায়ী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন সাকিব। কিন্তু দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে আর আসতে পারছেন না তিনি। তাই সাকিবের বদলি হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে।
আরও পড়ুন:- হাথুরুসিংহে-কে বরখাস্ত করেছে বিসিবি, চুক্তি বাতিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম আসে সাকিবের। তার উপর সাকিব ছিলেন আওয়ামীলীগের সংসদ সদস্য। এই নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণের মনে সাকিবের প্রতি ক্ষোভ দেখা দেয়। মূলত তখন থেকে সাকিবকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার পক্ষে একদল ছাত্রছাত্রী।
সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলে সাকিবের নাম দেখায় আরো ক্ষিপ্ত হতে দেখা যায় সেই বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের। তাই সাকিবের বিরুদ্ধে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে সাকিব বিরোধী স্লোগান ও তাদের মধ্যে সিনিয়র কয়েকজন মিলে বিসিবিতে লিখিত স্মারক জমা দেন। মূলত এমন ঝুকিপূর্ণ পরিস্থিতি ও সাকিবকে নিরাপদ রাখতে মাঝপথ দুবাই থেকে দেশে আসতে নিষেধ করেন স্বয়ং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেশ কয়েকঘন্টা সাকিব দুবাইয়ে অবস্থান করেন। সাকিবের সাথে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলে সাকিব জানায়, দেশে আসছেন না তিনি, এমনকি দুবাই থেকে কোথায় যাবে সেটাও জানেন না তিনি। সাকিব এমন পরিস্থিতিতে দেশে আসতে না পারাতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বিপিএলের শেষ আসরে রংপুরের হয়ে আলো ছড়ানো হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার ভারত সিরিজের আগে জাতীয় দলের সাথে অনুশীলনে ছিলেন।




