দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। আগামী ২১ অক্টোবর শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আর দেশে আসতে পারেননি সাকিব।
আরও পড়ুনঃ- রংপুর রাইডার্সের নতুন হেড কোচ মিকি আর্থার
সাকিবকে নিয়ে টেস্ট সিরিজে স্কোয়াড ঘোষণা করলেও অবশেষে তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে হাসান মুরাদকে। স্কোয়াডে দেশের এই পোস্টার বয় না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে আছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। দেশের মাটিতে সাকিব যে নিজে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তা অবশ্য সাউথ আফ্রিকা দলের অজানা নয়। তাইতো সাকিবকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সাউথ আফ্রিকার রাডারে রেখেছিলো তারা।
সাউথ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন সাকিব বাংলাদেশে তাদের জ্যাক ক্যালিসের মতোই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সাকিব দলে না থাকায় নিশ্চিতভাবে এই সিরিজে বাংলাদেশকে ভোগাবে। অ্যাশওয়েল প্রিন্স মনে করেন সাকিব যদি না খেলে সেই ক্ষেত্রে সংশয়ে পড়বে বিসিবি। সাকিবের বদলি হিসেবে বাঁহাতি স্পিনার খেলাবে নাকি ব্যাটার খেলাবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। সাউথ আফ্রিকার একটি গণমাধ্যমকে এই বিষয়ে মন্তব্য করেন প্রোটিয়া এই ব্যাটিং কোচ।
এই প্রসঙ্গে অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিলো তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’




