শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আশার আলো ছড়ালেন সাকিব আল হাসান।
জাতীয় দলে না থাকলেও গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেকেই দারুণ পারফরম্যান্স করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ব্যাট হাতে খেলেছেন ৩৭ বলে ঝড়ো ৫৮ রানের ইনিংস, বল হাতে ছিলেন আরও ভয়ঙ্কর,মাত্র ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত হলেও জাতীয় দলের বাইরে বেশ কিছুদিন ধরেই সাকিব। অনেকে ধরে নিচ্ছেন, হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা এসে গেছে।
তবে সে ধারণায় ধাক্কা দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা।
তবে সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।”
সাকিবকে ঘিরে টিম অপারেশনের ভাবনা নিয়ে মিঠু আরও বলেন, “আগে কীভাবে চলতো জানি না, তবে এখনকার বিসিবি সভাপতি দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশনস, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে।
তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে। তাদের নজরে নিশ্চয়ই সাকিবের পারফরম্যান্স এসেছে।”
জাতীয় দলে ফিরবেন কি না তা সময়ই বলবে, তবে গ্লোবাল সুপার লিগে সাকিবের অভিষেক যে বার্তা দিয়েছে,তিনি এখনও হারিয়ে যাননি, বরং বড় মঞ্চে নিজের জাত চিনিয়ে আবারও আলোচনায় ফিরেছেন।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই খেলোয়াড় দেশের জার্সি থেকে সম্মানে বিদায় নিবেন কোটি ভক্তরা অবশ্য সেই স্বপ্নটা দেখতেই পারেন।




