১ রান কতটা গুরুত্বপূর্ণ তা যদি বুঝতে হয় তাহলে দেখতে হবে গতকাল রাতের রংপুর রাইডার্সের ম্যাচ হাইলাইটস ।
কারনটা কি যানেন? তাহলে শুনুন।
বিশ্বের বিভিন্ন লিগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে চার উইকেট শিকার করে আবারো নায়ক খালেদ আহমেদ।
তার বোলিংয়ের কারণেই শেষ মুহূর্তে ১ রানে জয় পেয়েছে রংপুর। টানা দুই ম্যাচে চার উইকেট নিয়ে গ্লোবাল মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।
হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য শেষ ১২ বলে দরকার ছিল ২২ রান।
এমন অবস্থায় ১৯তম ওভারে বল হাতে আসেন খালেদ। ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবি স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেও হাল হারাননি তিনি।
দ্বিতীয় বলে সিঙ্গেল নেওয়ার পর খালেদ একে একে ফেরান ফ্যাবিয়েন অ্যালেন ও রাফ ম্যাকমিলানকে। ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
শেষ ওভারে জয়ের জন্য হোবার্টের দরকার ছিল ১৩ রান। প্রথম তিন বলে ৮ রান নিয়ে ম্যাচ হোবার্টের দিকে যেতে শুরু করে।
কিন্তু আজমতউল্লাহ ওমরজাই চতুর্থ বলে নবির স্বদেশি ব্যাটারকে ফিরিয়ে আবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ২ বলে দরকার ছিল ৪ রান, কিন্তু উসামা মীর ও বিলি স্টেইনলেক সে সমীকরণ মেলাতে পারেননি। শেষ পর্যন্ত ১ রানের নাটকীয় জয় রংপুরের।
এইবার বুঝতে পারছেন তো ১ রান কতটা গুরুত্বপূর্ণ।
এবার রংপুরের ব্যাটিংয়ের দিকে নজর দেওয়া জাক, টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫১ রান সংগ্রহ করে রংপুর।
দলের পক্ষে কাইল মেয়ার্স খেলেন অসাধারণ এক ইনিংস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করে ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি।
শুরুতে সৌম্য সরকার ব্যর্থ হলেও ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তবে মিডল অর্ডারে ব্যর্থ হন ইয়াসির, সোহান, ওমরজাই ও ইফতিখার।
বল হাতে হোবার্টের হয়ে উসামা মীর ৩টি এবং ফ্যাবিয়েন অ্যালেন ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে হোবার্ট ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে মোহাম্মদ নবি ও স্মিথ মিলে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালান। নবি খেলেন ৪৪ রানের দুর্দান্ত ইনিংস।
খালেদের বোলিং ছিল রংপুরের জয়ের মূল চাবিকাঠি। পাওয়ার প্লের শেষ ওভারে এসে ফেরান অধিনায়ক ম্যাকডরমটকে।
পরে ইনিংসের ১৭তম ওভারে স্মিথ এবং ১৯তম ওভারে অ্যালেন ও ম্যাকমিলানকে ফিরিয়ে ম্যাচে জয় এনে দেন।
ম্যাচে তার বোলিং ফিগার ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট।
টানা দুই ম্যাচে চারটি করে উইকেট নিয়ে গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে রয়েছেন খালেদ আহমেদ।
এখন পর্যন্ত আসরের সেরা পেসারদের তালিকায় রয়েছেন তিনি। রংপুর যদি আরেকটি ম্যাচ জিতে, তবে তারা টানা দ্বিতীয়বারের মতো উঠবে ফাইনালে।




