দুই মৌসুম ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ‘এ’ দলের ম্যাচ—সবখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন তিনি।
কিন্তু তবুও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না তার। সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা না পেয়ে আরেকবার নির্বাচকদের উপেক্ষার শিকার হলেন এই ৩১ বছর বয়সী ক্রিকেটার।
সাদা বলের ক্রিকেটে সোহান বেশ কিছুদিন ধরেই নিজেকে একজন নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তার সঙ্গে রয়েছে দক্ষ কিপিংয়ের সমন্বয়। তারপরও তাকে জাতীয় দলে না রাখা অনেকের কাছেই বিস্ময়ের ব্যাপার হয়ে উঠেছে।
এই বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান। এর মধ্যে রয়েছে দুটি শতক ও দুটি অর্ধশতক।
ব্যাটিং গড় ৫৮ এবং স্ট্রাইকরেট ৯৩.৫৪। গত মৌসুমেও ছিলেন দারুণ ছন্দে—৪৯৫ রান করে ছিলেন শীর্ষ পারফরমারদের একজন।
শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক ‘এ’ দলের ম্যাচেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
কিছুদিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলেছেন ১০৭ রানের ইনিংস, ওয়ানডে সিরিজেও ঝলসে উঠেছেন ১১২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।
জাতীয় দলের বর্তমান স্কোয়াডে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটারের অভাব স্পষ্ট।
অনেকেই মনে করছেন, সেই জায়গাটা দখল করতে পারতেন সোহান। তার অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্স তাকে এই পর্যায়ে যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরে।
তবে এই অবিচার নিয়েও মুখ খুলতে নারাজ সোহান। বরং তিনি আগের মতোই নিজের কাজ করে যেতে চান নীরবে।
তার ভাষায়,“জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমি আগেও বলেছি, আমার লক্ষ্য পারফর্ম করা।
আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কাউকে অশ্রদ্ধা করা হয়। সিলেকশন আমার হাতে নেই, তবে আমি পরিশ্রম করে যাব।”
সহানের বাইট
তিনি আরও বলেন,
“ক্রিকেটারদের জীবনে খারাপ সময় আসতেই পারে। এটা স্বাভাবিক। আমি রিজিকে এবং আল্লাহর ওপর বিশ্বাস করি। আমি শুধু চেষ্টা করব নিজের কাজটা ঠিকভাবে করতে, বাকিটা আল্লাহ ভরসা।”
সোহানের মতো একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটারের জায়গা না পাওয়া জাতীয় দলের নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছে অনেকেই।
যেখানে ফর্ম, অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা সবকিছুর সমন্বয় রয়েছে তার মাঝে, সেখানে এমন একজন ক্রিকেটার কেন দলের বাইরে থাকবেন—তা নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট অঙ্গনে।
জাতীয় দলের দরজায় বারবার কড়া নাড়ার পরও প্রত্যাশিত ডাক না পাওয়া সোহানের ভাগ্যে আদৌ পরিবর্তন আসবে কি না, তা সময়ই বলে দেবে।
তবে একটি কথা নিশ্চিত—নিজেকে প্রমাণ করতে তিনি ছাড় দিচ্ছেন না একচুলও।




