বাংলাদেশের ক্রিকেট সম্প্রচারে প্রযুক্তিগত মান ও ব্যয় নিয়ে অসন্তোষ জানিয়েছেন তামিম ইকবাল।
যেকারনে এবার আর্থিক ছাড় দিতে প্রস্তাব দিয়েছে সম্প্রচারসংশ্লিষ্ট প্রোডাকশন প্রতিষ্ঠান।
বিসিবির সঙ্গে সম্পর্ক ধরে রাখতে প্রতি ম্যাচ ডের জন্য ৮ হাজার মার্কিন ডলার ছাড়ের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
দুই টেস্টের সিরিজে সব মিলিয়ে এই ছাড়ের পরিমাণ দাঁড়াবে ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা। একই সঙ্গে সম্প্রচারের মান উন্নত করার বিষয়টিও রয়েছে আলোচনায়।
বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজগুলো সম্প্রচারের ক্ষেত্রে ক্যামেরা, প্রোডাকশনসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
তবে তাদের সরবরাহ করা সম্প্রচারসেবার মান নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
এ নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে আসার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অব্যাহত রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। বিসিবি সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। মানের উন্নতি না হলে তাদের সঙ্গে চুক্তি চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে, এমন বার্তাই দেওয়া হয়।
এরপরই বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার আগ্রহ থেকে বিশেষ ছাড়ের প্রস্তাব দিয়েছে প্রোডাকশন প্রতিষ্ঠানটি।
তাদের প্রস্তাবে বলা হয়েছে, নিয়মিত ম্যাচ ডে রেট ৪৪ হাজার মার্কিন ডলারের পরিবর্তে বিশেষ বিবেচনায় ৩৬ হাজার ডলারে সেবা দেওয়া হবে। অর্থাৎ প্রতি ম্যাচ ডেতে সাশ্রয় হবে ৮ হাজার ডলার।
পাঁচ দিনের একটি টেস্ট ম্যাচের সব কটি দিন হিসাব করলে ছাড়ের পরিমাণ দাঁড়ায় ৪০ হাজার ডলার।
ফলে দুই টেস্টের সিরিজে বিসিবির মোট সাশ্রয় হবে ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বিনিময় হার অনুযায়ী এই অঙ্ক প্রায় ১ কোটি টাকা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিসিবির সঙ্গে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি বিসিবির প্রত্যাশা অনুযায়ী সম্প্রচারের মান ও প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে দেশের ক্রিকেটের ছোট থেকে বড় জায়গাগুলোর ধীরে ধীরে উন্নতি ও লাভজনক অবস্থানে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে তামিমের বোর্ড।




