ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে লামিনে ইয়ামাল। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটাভুটিতে সবার ওপরে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
পেছনে পড়েছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। তবে সবচেয়ে বড় চমক, তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তাহলে কি ইয়ামালের হাতেই উঠছে এবারের পুরস্কার?
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, কুয়োরার সম্পাদকদের ভোটে ১৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইয়ামাল।
দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের সংগ্রহ ১৬২ পয়েন্ট। আর ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ইয়ামালের এগিয়ে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম স্থানের ভোট। ১৫ সম্পাদকের মধ্যে সাতজনই তাঁকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।
পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভোট থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। সব মিলিয়ে অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি।
এদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তবে তা ইয়ামালের সঙ্গে ব্যবধান ঘোচানোর জন্য যথেষ্ট হয়নি।
ফলে এই ভোটাভুটিতে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বায়ার্নের ইংলিশ তারকাকে। অন্যদিকে, ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে।
তালিকার চতুর্থ স্থানে থাকা মেসির পয়েন্ট ৪৫। পঞ্চম স্থানে রয়েছেন পিএসজির জর্জিয়ান তারকা খভিচা কাভারাৎসখেলিয়া, তাঁর সংগ্রহ ২২ পয়েন্ট। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন ফাবিয়ান রুইজ।
এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট নির্ধারিত ছিল। তিন অবস্থানের ভোট মিলিয়েই তৈরি হয়েছে এই তালিকা।
তবে মনে রাখতে হবে, এটি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ভোট নয়। কুয়োরার সম্পাদকদের এই ভোটাভুটি কেবল তাঁদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন, মূল পুরস্কারের ফলাফলে এর কোনো প্রভাব নেই।
তাই ইয়ামাল এগিয়ে থাকলেও তাঁর হাতে যে ব্যালন ডি’অর উঠছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গুঞ্জন থাকলেও মেসিই ইয়ামালের হাতে ব্যালনডিওর তুলে দিবেন,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




