বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের চেন্নাইয়ে খেলতে দেখা যাবে না তাকে।
অন্যদিকে, মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে তার নামে তৈরি করা হচ্ছে আলাদা একটি অংশ। সেখানে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিটে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার পূর্বপ্রতিশ্রুতি থাকায় বিগ ব্যাশের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না মুস্তাফিজ।
আগামী ২২ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডসের স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ফলে ভারতের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলবেন না বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে তার অনুপস্থিতির পেছনে কোনো রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণ নেই, মূলত ব্যস্ত ক্রিকেটীয় সূচিই এর কারণ।
মুস্তাফিজকে ঘিরে রেনেগেডসের বিশেষ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘দ্য ফিজ বে’। ক্লাবটির মহাব্যবস্থাপক ম্যাক্স অ্যাবট জানিয়েছেন, এমসিজিতে মুস্তাফিজের সমর্থকদের জন্য নির্দিষ্ট একটি গ্যালারি রাখা হবে।
বিশেষ করে মেলবোর্নে বসবাসরত ও ভ্রমণরত বাংলাদেশিরা যেন একসঙ্গে মাঠে বসে প্রিয় ক্রিকেটারের খেলা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
এই বিশেষ গ্যালারির প্রথম ২০০টি ফ্যামিলি টিকিটে মিলবে ৫০ শতাংশ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে।
আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্সের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে ‘দ্য ফিজ বে’ চালু থাকবে।
উল্লেখ্য, রেনেগেডস এবার মারভেল স্টেডিয়াম ছেড়ে এমসিজিকে নিজেদের ঘরের মাঠ হিসেবে বেছে নিয়েছে।
এক লাখের বেশি দর্শক ধারণক্ষমতার এই বিখ্যাত স্টেডিয়ামে মুস্তাফিজের অভিষেক ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।




