মাঠের লড়াইয়ে জিতেও শিরোপা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়েছিল সেনেগালকে।
ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও কেড়ে নেওয়া হয়েছিল তাদের শিরোপা।
দীর্ঘ আইনি লড়াই শেষে এবার আদালতের রায়ে নিজেদের প্রাপ্য ফিরে পেল সাদিও মানের সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্তে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হিসেবে পুনরায় স্বীকৃতি পেয়েছে সেনেগাল।
মঙ্গলবার দেওয়া এক রায়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করেছে সিএএস।
একই সঙ্গে ক্যাফের ডিসিপ্লিনারি বোর্ডের দেওয়া সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলে ফাইনালে সেনেগালের ১-০ গোলের জয়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হয়েছিল আফকনের ফাইনাল। সেখানে স্বাগতিক মরক্কোর বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বড় বিতর্ক।
নির্ধারিত সময়ের শেষ দিকে সেনেগালের একটি গোল বাতিল করেন রেফারি জঁ-জ্যাক এনদালা।
এর কিছুক্ষণ পর মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়রা। প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে মাঠে ফিরে খেলা শুরু হলে ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল করে শিরোপা জেতে সেনেগাল।
কিন্তু ঘটনাটি সেখানেই শেষ হয়নি। মরক্কোর পক্ষ থেকে দাবি করা হয়, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়াকে ম্যাচ পরিত্যাগ হিসেবে বিবেচনা করা উচিত।
মার্চে সেই দাবির পক্ষে রায় দিয়ে সেনেগালের জয় বাতিল করে ৩-০ গোলে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে ক্যাফের আপিল বোর্ড। ফলে মাঠের চ্যাম্পিয়ন হয়েও কাগজে-কলমে শিরোপা হারাতে হয় সেনেগালকে।
ক্যাফের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি সেনেগাল ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে সিএএসের দ্বারস্থ হয় তারা। দীর্ঘ অপেক্ষার পর এবার আপিলে জয় পেল আফ্রিকার দলটি।
সব মিলিয়ে একটি ট্রফি ঘিরে তিনবার পরিবর্তন হলো চ্যাম্পিয়ন। প্রথমে মাঠের জয়ে সেনেগাল, পরে প্রশাসনিক সিদ্ধান্তে মরক্কো, আর শেষ পর্যন্ত আদালতের রায়ে আবারও সেনেগাল।




