বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু স্মরণীয় মুহূর্ত।
তবে ২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
ইতোমধ্যে টেস্ট, টি-টোয়েন্টি এবং সবশেষ ওয়ানডে,তিন ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন তিনি।
যদিও এখনও ঘরোয়া ক্রিকেটে সক্রিয়ভাবে খেলছেন।
সম্প্রতি মিরপুরে বিসিবির আয়োজন করা একটি ম্যাচ রেফারি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেননি মাহমুদউল্লাহ, যদিও তিনি আমন্ত্রিত ছিলেন।
বিষয়টি নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলাপে মাহমুদউল্লাহ জানিয়েছেন, এখনই তিনি এই কোর্সে অংশ নিতে আগ্রহী নন কারণ তার খেলার জীবন এখনো শেষ হয়নি। তবে ভবিষ্যতে অবসরের পর তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব নেয়ার কথা ভাবতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, শুধু ম্যাচ রেফারি নয়,কোচিংয়েও আগ্রহী মাহমুদউল্লাহ।
মুশফিকুর রহিমের সঙ্গেও এই প্রসঙ্গে বিসিবির আলোচনা হয়েছে।
তাদের উদ্দেশ্যে কোচিং এডুকেশন প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচিং ক্যারিয়ার গড়তে পারেন।
সবকিছু মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা।
তিনি কি হবেন ম্যাচ রেফারি, নাকি নিজ অভিজ্ঞতায় তরুণদের গড়ে তুলবেন একজন কোচ হিসেবে?
সময়ই বলে দেবে কোন পথ বেছে নেবেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তবে একটি বিষয় নিশ্চিত, ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।




