অবশেষে সেই সময়টা এসে গেল—যখন একটা যুগ থেমে দাঁড়ালো।
শেষ বাঁ পায়ের ছোঁয়াটা ছিল যেন বিদায়ের সিগন্যাল, আর ক্যামেরার দিকে তাকিয়ে চোখ মুছলেন এক নিঃশব্দ কষ্টে।
গ্যালারির হাজারো চোখে জল, আর হৃদয়ের গভীরে কাঁপছে একটি নাম আনহেল ডি মারিয়া ।
ইউরোপীয়ান ফুটবলের সবুজ গালিচায় ১৬ বছরের রাজত্বের শেষ অধ্যায় লিখলেন এই আর্জেন্টাইন জাদুকর।
যার ছোঁয়ায় একসময় ম্যাচ ঘুরে যেত, সেই ছোঁয়া আজ বলে গেল—বিদায়!
জার্সির ভাঁজে লুকানো শত স্মৃতি নিয়ে মারিয়া বললেন, “এখানেই শেষ, এখানেই শুরু হয়েছিল আমার স্বপ্ন!
বেনফিকার হয়ে শেষ ম্যাচ খেলে শেষ করলেন ইউরোপে তার রূপকথার মতো ফুটবল-যাত্রা।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে নিজের জাত চেনানো মারিয়া পা রেখেছিলেন ইউরোপে ২০০৭ সালে, পর্তুগালের বেনফিকায় যোগ দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
২০১০ সালে বিশ্বদরবারে নিজের জায়গা করে নিলেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।
সেখানে খেলেছেন ৪ মরসুম, জিতেছেন লা লিগা, কোপা দেল রে এবং সবচেয়ে বড় অর্জন ২০১৩-১৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স ছিল জয়ের মূল কারিগর।
এরপর সংক্ষিপ্ত এক অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডে, যদিও সেখানে নিজেকে খুঁজে পাননি মারিয়া।
তবে ঠিক পরের বছরই পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইতে, যেখানে সাত বছর খেলেছেন।
পিএসজির হয়ে ৫টি লিগ ওয়ান শিরোপা সহ জিতেছেন বহু ঘরোয়া ট্রফি, গড়েছেন ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট দেওয়ার রেকর্ড।
২০২২ সালে মারিয়া যোগ দেন জুভেন্টাসে, আর তারপর ফিরে আসেন নিজের পুরোনো ঘর, বেনফিকাতে।
যেন এক পূর্ণবৃত্তে ফিরে আসা!
২৯ জুন, ক্লাব বিশ্বকাপে বেনফিকার হয়ে ম্যাচ শেষে চূড়ান্ত ঘোষণা এলো—এই ম্যাচই ছিল মারিয়ার ইউরোপে শেষ ম্যাচ।
গ্যালারিতে ছিলো আবেগের বন্যা, সতীর্থদের চোখেও জল। ম্যাচ শেষে মারিয়া নিজেই বললেন, “এই মাটিতে আমি নিজেকে চিনেছিলাম।
এবার বিদায় বলার সময় হলো।”
ফুটবলপ্রেমীদের জন্য এটা এক অধ্যায়ের অবসান। মারিয়ার মতো শিল্পীর বিদায় মানেই এক গানের শেষ সুর।
তবে মনে রাখতে হবে, এই সুর শেষ হলেও স্মৃতির জাদু কখনো মুছে যায় না।
ইউরোপীয়ান ফুটবলের ইতিহাসে মারিয়ার নাম লেখা থাকবে শ্রদ্ধার সোনালী অক্ষরে।




