সাকিব আল হাসান মানেই আলোচনার কেন্দ্রবিন্দু, আর সেটাই আবারও প্রমাণিত হলো গ্লোবাল সুপার লীগকে ঘিরে।
সদ্য ঘোষিত তালিকায় দেখা গেছে, ভারতের আইপিএলের দিল্লী ক্যাপিটালসের মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান।
আর চমকপ্রদ তথ্য হলো এই আসরের প্রথমদিকেই তিনি মুখোমুখি হবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের!
তবে এই অবস্থান যে নিছক কাকতালীয় নয়, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স শুরুতে সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল।
কিন্তু রাজনৈতিক নানা সমীকরণ, ব্যক্তিগত মতবিরোধ এবং স্পন্সরশিপ সংশ্লিষ্ট কিছু অঘোষিত কারণে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখা হয়নি।
যদিও সাকিবের মতো একজন বিশ্বমাপের অলরাউন্ডারকে দলে না নেওয়া নিয়ে রংপুরের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি, তবে ক্রিকেট অঙ্গনের ভেতরের খবর বলে, দলীয় চাপে এবং বোর্ডের নীতিগত দ্বিধার কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
সরাসরি স্বীকার না করলেও রংপুর তা একপ্রকার স্বীকারও করেছে।
অবশ্য, তাতে একদম চুপচাপ থাকেননি সাকিবও।
খেলার জন্য যেহেতু নিজেকে পুরোপুরি ফিট ও প্রস্তুত রেখেছিলেন, তাই গ্লোবাল সুপার লীগে নিজের অবস্থান শক্ত করতে কোনো দেরি করেননি তিনি।
সুযোগ পেয়েই ঝাঁপিয়ে পড়েছেন এবং গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের ছায়াতলে থাকা দুবাই ক্যাপিটালস তাকে দলে টেনে নেয়।
ফলে রংপুর রাইডার্সকে যে সাকিবকে এড়িয়ে যেতে হয়েছিলো, এখন তার বিপক্ষেই লড়তে হবে তাদের।
এই চিত্র যেন আবারও প্রমাণ করলো সব প্রতিকূলতা, অভ্যন্তরীণ রাজনীতি ও বিভাজনের মাঝেও সাকিব আল হাসানই বাংলাদেশের একমাত্র সত্যিকারের গ্লোবাল সুপারস্টার। যিনি শুধু দেশের মাটিতেই নন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও নিজের উপস্থিতি দিয়ে দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন।
কোটি ভক্তের হৃদয়ে এখনও তিনি এক অনন্য প্রতিভার নাম।
এক সপ্তাহ পরেই আগামী ১৬ তারিখ সাকিব রংপুর মুখোমুখিও হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়,যা হবে বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের জন্য এক রোমাঞ্চকর ম্যাচ।




